কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তিন দুর্বৃত্ত।
আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
জেল সুপার শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোর ৪টা ৫৮ মিনিটে একটি মোটরসাইকেলে তিনজন এসে কারাগারের প্রধান ফটকের সামনের সড়কের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।’ এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ককটেল বিস্ফোরিত হলে হাঁটতে বের হওয়া এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের দল ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় মামলা হবে, এটি জিডির বিষয় নয়।’
