ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণ ‘কৌন হোনার ক্রোড়পতি’র প্রথম নারী সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি নিজের পোশাকের বৈচিত্র্য দিয়েও নজর কাড়ছেন তিনি। কখনো ঐতিহ্যবাহী শাড়ি, কখনো আধুনিক নকশার পোশাকে দেখা যাচ্ছে তাকে।
মারাঠি ঐতিহ্যের পৈঠানি শাড়ি থেকে শুরু করে জমকালো কারুকাজের শাড়ি, আবার কখনো স্কার্ট—সব ধরনের পোশাকেই সাবলীল মাধুরী। তার সাতটি নজরকাড়া সাজ তুলে ধরা হলো।
গোলাপি, বেগুনি ও সোনালি রঙের মিশেলে পৈঠানি শাড়িতে মারাঠি ঐতিহ্যকে তুলে ধরেছেন মাধুরী। সঙ্গে ছিল সোনার গয়না ও ঐতিহ্যবাহী নথ। চুলে একপাশে ঢেউ খেলানো সাজের সঙ্গে গুঁজে নিয়েছেন গোলাপি গোলাপ। সব মিলিয়ে সাজটি পেয়েছে চিরায়ত আভিজাত্যের ছোঁয়া।
এ সাজে মাধুরী বেছে নিয়েছেন সাদা পাড়ের সাধারণ কালো শাড়ি। শাড়ির নকশা ছিল বেশ সাদামাটা। তবে পরিমিত সাজের সঙ্গে মানানসই রঙিন পাথরের কানের দুল পুরো সাজে যোগ করেছে আলাদা মাত্রা। চুলের পরিপাটি খোঁপায় ফুটে উঠেছে তার মার্জিত রুচি।
উজ্জ্বল হলুদ শাড়ির জমকালো কারুকাজ নজর কাড়ার মতো। তবে সাজের বিশেষ আকর্ষণ ছিল শাড়ির ওপরের কেপের মতো আবরণ। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিক এই সংযোজন পোশাকে এনেছে ভিন্নতা। গয়নার ব্যবহারও রেখেছেন পরিমিত।
পুরো পোশাকজুড়ে ছিল লাল রঙের জমকালো কারুকাজ। শাড়ির সঙ্গে একই রঙের কোট পরেছেন মাধুরী। এতে ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটেছে। হীরার গয়না সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য।
অফ-হোয়াইট শাড়ির সঙ্গে উজ্জ্বল বেগুনি রঙের ছোট কুর্তি-ধাঁচের ব্লাউজ পরেছেন মাধুরী। দুই রঙের বৈপরীত্য সাজটিকে করেছে আকর্ষণীয়। সঙ্গে ছিল কানে ঝুলন্ত দুল ও বড় আংটি। এই সাজে দেখিয়েছেন, ব্লাউজের নকশা বদলেই চেনা শাড়িতে আনা যায় নতুনত্ব।
ছাপা নকশার শাড়ির সঙ্গে ভিনটেজ ধাঁচের ব্লাউজ বেছে নিয়েছেন অভিনেত্রী। ব্লাউজের ফোলা হাতা ও গলার কাছে বড় বো ছিল সাজের বিশেষ আকর্ষণ। বড় করে বাঁধা খোঁপা ও পাথরের গয়নায় পূর্ণতা পেয়েছে পুরো সাজ।
শাড়ির বাইরে গিয়ে এবার গাঢ় নীল রঙের স্কার্ট সেটে দেখা গেছে মাধুরীকে। পোশাকের ব্লাউজজুড়ে ছিল সূক্ষ্ম কারুকাজ। পরিপাটি খোঁপা ও মানানসই গয়নায় সাজটি পেয়েছে মার্জিত রূপ।
ঐতিহ্যবাহী পৈঠানি শাড়ি হোক কিংবা আধুনিক নকশার পোশাকসহ প্রতিটি সাজেই নতুনত্বের ছাপ রাখছেন মাধুরী দীক্ষিত। ‘কৌন হোনার ক্রোড়পতি’ অনুষ্ঠানে তার পোশাকের বৈচিত্র্যও তাই দর্শকদের নজর কাড়ছে।
