Saturday, November 28, 2026
Homeখেলাব্যালন ডি’অরের ভোটে মেসির সবচেয়ে প্রিয় ইনিয়েস্তা

ব্যালন ডি’অরের ভোটে মেসির সবচেয়ে প্রিয় ইনিয়েস্তা

আটবার ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটির সঙ্গে তার সম্পর্ক শুধু বিজয়ী হিসেবেই নয়, বিচারক হিসেবেও। জাতীয় দলের অধিনায়ক হিসেবে একসময় ব্যালন ডি’অরের সেরা ফুটবলার বেছে নিয়েছেন, পরে ভোট দিয়েছেন বর্ষসেরা তরুণ নির্বাচনে। সেই ১১ বছরের ভোটের হিসাব প্রকাশ করেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। আর তাতেই উঠে এসেছে চমকপ্রদ একটি তথ্য। বিশ্বের সেরা ফুটবলার বাছাইয়ে মেসির সবচেয়ে পছন্দের নাম ছিল আন্দ্রেস ইনিয়েস্তা।

সম্প্রতি ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মেসির দেওয়া সব ভোটের বিস্তারিত তথ্য। সেখানে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অর এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোপা ট্রফির ভোটের হিসাব তুলে ধরা হয়েছে। যেখানে টানা পাঁচ বছরই এই ইনিয়েস্তাকে নিজের সেরা তিনে রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর প্রথমবার ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ পান মেসি। তখন জাতীয় দলের অধিনায়কেরাও বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ভোট দিতে পারতেন। নিয়ম অনুযায়ী, প্রত্যেকে তিনজন ফুটবলার বেছে নিতেন। প্রথম পছন্দের ফুটবলার পেতেন পাঁচ পয়েন্ট, দ্বিতীয়জন তিন এবং তৃতীয়জন এক পয়েন্ট।

এই পদ্ধতিতে টানা পাঁচ বছর ভোট দিয়েছেন মেসি। ২০১১ সালে মেসির প্রথম পছন্দ ছিলেন জাভি হার্নান্দেজ। দ্বিতীয় স্থানে রাখেন ইনিয়েস্তাকে, তৃতীয় স্থানে স্বদেশি সের্হিও আগুয়েরোকে। পরের বছরই প্রথম পছন্দের জায়গায় উঠে আসেন ইনিয়েস্তা। ২০১২ সালে তাকে সবার ওপরে রেখে দ্বিতীয় স্থানে জাভি ও তৃতীয় স্থানে আগুয়েরোকে ভোট দেন মেসি।

২০১৩ সালেও মেসির প্রথম পছন্দ ছিলেন ইনিয়েস্তা। দ্বিতীয় স্থানে জাভি এবং তৃতীয় স্থানে জায়গা পান নেইমার। অর্থাৎ টানা দুই বছর ব্যালন ডি’অরের জন্য নিজের প্রথম ভোটটি ইনিয়েস্তাকেই দিয়েছিলেন মেসি।

২০১৪ সালে অবশ্য বদলে যায় সেই পছন্দের ক্রম। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর স্বদেশি আনহেল দি মারিয়াকে প্রথম স্থানে রাখেন মেসি। দ্বিতীয় স্থানে ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে জায়গা পান আরেক আর্জেন্টাইন হাভিয়ের মাসচেরানো।

এরপর ২০১৫ সালে বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবল জয়ের মৌসুমে আক্রমণভাগের দুই সতীর্থকে অগ্রাধিকার দেন মেসি। প্রথম স্থানে লুইস সুয়ারেস, দ্বিতীয় স্থানে নেইমার এবং তৃতীয় স্থানে ইনিয়েস্তাকে বেছে নেন তিনি।

এই পাঁচ বছরের ভোটের হিসাব থেকে মেসির পছন্দের একটি বিশেষ দিকও উঠে এসেছে। মূল ব্যালন ডি’অরের জন্য তিনি কখনোই বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা জাতীয় দলের বাইরের কোনো সতীর্থকে ভোট দেননি। অর্থাৎ যাদের সঙ্গে একই ড্রেসিংরুমে খেলেছেন, তাদের মধ্য থেকেই সেরা তিন বেছে নিয়েছেন।

সবচেয়ে বেশিবার জায়গা পাওয়া ইনিয়েস্তার পর রয়েছেন জাভি। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত টানা তিনবার মেসির ভোটে ছিলেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার। আর আর্জেন্টাইনদের মধ্যে আগুয়েরো দুবার এবং দি মারিয়া ও মাসচেরানো একবার করে জায়গা পেয়েছেন।

এছাড়া ২০২১ সাল থেকে কোপা ট্রফির বিচারক হিসেবে ভোট দিচ্ছেন মেসি। ২০১৮ সালে চালু হওয়া এই পুরস্কারটি দেওয়া হয় অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে। ব্যালন ডি’অরের সাবেক বিজয়ীরা এই পুরস্কারের বিচারক হিসেবে ভোট দেওয়ার সুযোগ পান।

কোপা ট্রফিতে প্রথম ভোট দেওয়ার বছরেই বার্সেলোনার তরুণ পেদ্রিকে সেরা হিসেবে বেছে নিয়েছিলেন মেসি। ২০২১ সালে তার দ্বিতীয় পছন্দ ছিলেন নুনো মেন্দেস এবং তৃতীয় জুড বেলিংহাম। পরের বছর প্রথম স্থানে রাখেন গাভিকে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আগের বছরের মতোই ছিলেন মেন্দেস ও বেলিংহাম।

২০২৩ সালে অবশ্য মেসির প্রথম পছন্দ ছিলেন জামাল মুসিয়ালা। দ্বিতীয় স্থানে পেদ্রি এবং তৃতীয় স্থানে বেলিংহাম। অর্থাৎ টানা তিন বছরই মেসির ভোটে সেরা তিনে জায়গা পেয়েছিলেন ইংলিশ এই মিডফিল্ডার।

এরপর থেকে মেসির সবচেয়ে পছন্দের তরুণ ফুটবলার হয়ে উঠেছেন ইয়ামাল। ২০২৪, ২০২৫ ও ২০২৬ টানা তিন বছরই বার্সেলোনার এই তরুণকে নিজের প্রথম ভোটটি দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

২০২৪ সালে ইয়ামালের পর মেসির পছন্দের তালিকায় ছিলেন পাউ কুবারসি ও আলেহান্দ্রো গারনাচো। পরের বছর দ্বিতীয় স্থানে দেজিরে দুয়ে এবং তৃতীয় স্থানে কুবারসিকে রাখেন তিনি। এবারের ভোটেও ইয়ামালকে প্রথম স্থানে রেখেছেন মেসি। দ্বিতীয় স্থানে কুবারসি এবং তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন আলজেরিয়ার তরুণ ইব্রাহিম মাজা।

মেসির এই ভোট বিশেষ গুরুত্ব পেয়েছে কোপা ট্রফির ফলাফলেও। ২০২৬ সালের পুরস্কারের লড়াইয়ে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে কুবারসিকে হারিয়েছেন ইয়ামাল। বার্সেলোনার দুই তরুণের মধ্যে ইয়ামাল পেয়েছেন ৯৬ পয়েন্ট, কুবারসি ৯৪। মেসি প্রথমজনকে পাঁচ এবং দ্বিতীয়জনকে তিন পয়েন্ট দেওয়ায় তার ভোটও ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

Most Popular