Saturday, November 28, 2026
Homeবাংলাদেশবিদেশে গিয়ে প্রতারণার শিকার, দেশেও প্রতিকার পেতে ভোগান্তি

বিদেশে গিয়ে প্রতারণার শিকার, দেশেও প্রতিকার পেতে ভোগান্তি

সৌদি আরবে গৃহকর্মী হিসেবে দুই বছরের বেশি সময় কাজ করেছেন মাজেদা। প্রতিদিন তো বটেই, কখনো কখনো তাকে ২১ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে। ২০২৫ সালে দেশে ফেরার সময় তার পাঁচ মাসের বেতন বকেয়া ছিল।

মাজেদা জানান, অসুস্থ অবস্থায়ও তাকে মাসের পর মাস কাজ করতে বাধ্য করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়নি।

২০২২ সালের শেষ দিকে মুন্সিগঞ্জ থেকে সৌদি আরবে যেতে মাজেদার খরচ হয়েছিল প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। অথচ নিয়ম অনুযায়ী, গৃহকর্মী নিয়োগের খরচ বহন করার কথা নিয়োগকর্তার। বিষয়টি তখন জানা ছিল না বলে জানান মাজেদা।

বকেয়া বেতন ও অন্যান্য অনিয়মের প্রতিকার চেয়ে চলতি বছরের শুরুতে সরকারের অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তির সেলে আবেদন করেন তিনি।

কিন্তু প্রতিকার চাইতে গিয়ে নতুন ভোগান্তিতে পড়েছেন মাজেদা।

অভিযোগ জমা দেওয়ার ১০ মাস পর তাকে জানানো হয়, তার ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।

মাজেদা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তারা আমাকে জানিয়েছে, আমার আবেদনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার নতুন করে আবেদন করতে হবে।’

এখনো তার অভিযোগের নিষ্পত্তি হয়নি। শুনানিতে অংশ নিলেও নিয়োগকারী এজেন্সির কেউ সেখানে উপস্থিত হননি বলে জানান তিনি। স্থানীয় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (ডেমো) বারবার গিয়েও কোনো ক্ষতিপূরণ পাননি মাজেদা।

অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) তথ্য অনুযায়ী, সৌদি আরবে মাজেদাকে নিয়োগকর্তার বাড়িতে আটকে রাখা হয়েছিল। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। কেড়ে নেওয়া হয়েছিল তার পাসপোর্টও।

মাজেদার অভিযোগটি ওকাপের পর্যবেক্ষণ করা ৮৫টি অভিযোগের একটি। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এসব অভিযোগ পর্যবেক্ষণ করেছে সংগঠনটি।

অভিযোগগুলোর মধ্যে ছিল বিদেশে পাঠানোর নামে প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায়, বেতন না দেওয়া, চুক্তির বাইরে কাজ করানো, প্রতিশ্রুত কাজ না পাওয়া এবং বিদেশে নির্যাতনের মতো ঘটনা।

৮৫টি অভিযোগের মধ্যে ৫২টিরই নিষ্পত্তি হয়নি। ২৮টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। বাকি পাঁচটি অভিযোগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আজ রাজধানীর বনানীর একটি হোটেলে গবেষণার ফলাফল প্রকাশ ও পরবর্তী করণীয় নিয়ে পরামর্শ সভায় এসব তথ্য তুলে ধরবে ওকাপ।

গবেষণায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তত্ত্বাবধানে অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়ায় বড় ধরনের দুর্বলতা উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জন অভিযোগকারী, অর্থাৎ মোট অভিযোগকারীর ২৯ শতাংশকে কখনোই শুনানির জন্য ডাকা হয়নি। নির্ধারিত ৩০ কর্মদিবসের মধ্যে শুনানির সুযোগ পেয়েছেন প্রতি পাঁচজনের মধ্যে মাত্র একজন।

১০ জন কর্মী জানিয়েছেন, তাদের অভিযোগের নথি হারিয়ে গিয়েছিল। এ কারণে তাদের আবার আবেদন জমা দিতে হয়েছে।

শুনানির তারিখ জানিয়ে লিখিত নোটিশ পেয়েছেন মাত্র ২২ শতাংশ অভিযোগকারী। প্রায় অর্ধেককে ফোনে জানানো হয়েছে। আর পর্যবেক্ষণকাল শেষ হওয়া পর্যন্ত ৩০ শতাংশ অভিযোগকারী কোনো নোটিশই পাননি।

পর্যালোচনা করা অভিযোগগুলোর মধ্যে ৬৬টি জমা পড়েছিল জেলা পর্যায়ের ডেমো অফিসে। সরাসরি বিএমইটিতে জমা পড়ে ১৭টি। বাকি দুটি অভিযোগ করা হয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে।

ওকাপের সহায়তা পাওয়া ৮৫ জন কর্মীর অভিযোগ নিয়ে এ গবেষণা করা হয়েছে। তাদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৩৫ জন নারী।

গবেষণায় কর্মীদের নানা ধরনের ভোগান্তির চিত্র উঠে এসেছে। বিদেশে যাওয়ার আগে লিখিত নিয়োগচুক্তি পাননি বলে জানিয়েছেন ৯১ শতাংশ কর্মী। পুরুষ কর্মীদের অর্ধেক বলেছেন, বিদেশে যাওয়ার পর তারা দেখেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজের সুযোগ নেই।

অন্যদিকে, জরিপে অংশ নেওয়া ৩৫ জন নারী কর্মীর সবাই বেতন নিয়ে অনিয়মের শিকার হয়েছেন। তাদের ৭৭ শতাংশ শারীরিকভাবে নির্যাতিত হওয়ার কথাও জানিয়েছেন।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৪৬ বছর বয়সী জাহিদুল ইসলাম ওকাপকে জানান, ২০২৫ সালের নভেম্বরে কম্বোডিয়ায় যাওয়ার জন্য তিনি ৫ লাখ ৫০ হাজার টাকা খরচ করেন। কিন্তু তাকে যে কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে গিয়ে সেই কাজ পাননি।

এর পরিবর্তে তাকে কম বেতনে নির্মাণশ্রমিকের কাজ দেওয়া হয়। দুই মাস পর সেই কাজও বন্ধ হয়ে যায়।

গত মার্চে দেশে ফেরেন জাহিদুল। এখন একটা সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।

ক্ষতিপূরণ চেয়ে মানিকগঞ্জ ডেমো অফিসে ৬ লাখ টাকা দাবি করেন জাহিদুল। কিন্তু দুই দফা শুনানির পরও তার অভিযোগের নিষ্পত্তি হয়নি।

ওকাপের নথিভুক্ত বক্তব্যে জাহিদুল বলেন, ‘যে কাজের কোনো অস্তিত্বই ছিল না, সেই কাজের জন্য আমার সবকিছু খরচ করেছি। এখনো ন্যায়বিচারের অপেক্ষায় আছি।’

ওকাপের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব অভিযোগের নিষ্পত্তি হয়েছে, সেসব ক্ষেত্রেও কর্মীরা তাদের ক্ষতির তুলনায় সামান্য ক্ষতিপূরণ পেয়েছেন।

নিষ্পত্তি হওয়া ২৮টি অভিযোগের অর্ধেক ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা। অভিযোগের নিষ্পত্তি হওয়া আটজন নারী কর্মীর মধ্যে পাঁচজন পেয়েছেন ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা।

এর আগে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) এক গবেষণায়ও অভিবাসনসংক্রান্ত প্রতারণার চিত্র উঠে এসেছিল। টাঙ্গাইলের ২ হাজার ১৫৫টি অভিবাসী পরিবারের ওপর চালানো ওই জরিপে দেখা যায়, ৫১ শতাংশ পরিবার বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়ে প্রতারিত হয়েছে।

২০২৫ সালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্রতারণা, মৃত্যু, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও অন্যান্য অভিযোগের ১২১টি ঘটনায় সহায়তা করে ২ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ আদায় করতে পেরেছে সংগঠনটি।

রামরুর আরেকটি জরিপে ২১৮ জন এমন অভিবাসী কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়, যারা কাজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরেছেন। তাদের ৭৪ শতাংশ অর্থনৈতিক সংকটে পড়েছেন। ১৫ শতাংশ জানিয়েছেন, তারা মানসিক অস্থিরতার মধ্য দিয়ে গেছেন।

ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, বর্তমানে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা মূলত অভিবাসী কর্মী ও নিয়োগকারী এজেন্সির মধ্যে সমঝোতার ওপর নির্ভরশীল। এখানে আইনগতভাবে বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিয়োগকারী এজেন্সিগুলোর অনেক ক্ষমতা। অন্যদিকে, অভিবাসী কর্মীরা দরিদ্র এবং তাদের অনেকেই প্রত্যন্ত এলাকার বাসিন্দা। দুই পক্ষের মধ্যে ক্ষমতার বড় ধরনের অসমতা রয়েছে।’

শাকিরুল বলেন, নিয়োগকারী এজেন্সিগুলো প্রায়ই শুনানিতে হাজির হয় না। এ জন্য তাদের কোনো শাস্তির মুখেও পড়তে হয় না। অন্যদিকে, কর্মীদের অনেক সময় এমন সমঝোতায় রাজি হতে চাপ দেওয়া হয়, যেখানে বিদেশে যেতে তাদের খরচ, বকেয়া বেতন, ঋণ কিংবা অন্যান্য ক্ষতির যথাযথ হিসাব থাকে না।

মানিকগঞ্জ ডেমোর সহকারী পরিচালক আওলাদ হোসেন বলেন, অভিযোগের নিষ্পত্তিতে অনেক সময় একাধিকবার শুনানি করতে হয়। কারণ, কোনো পক্ষ শুনানিতে উপস্থিত থাকে না, অথবা কর্মীদের কাছে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র থাকে না।

তিনি বলেন, ‘অধিকাংশ অভিযোগকারী তাদের অভিযোগের পক্ষে পর্যাপ্ত নথিপত্র দিতে পারেন না। এতে তদন্ত করা কঠিন হয়ে পড়ে। তবে আমরা ৩০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তির চেষ্টা করি।’

তিনি আরও বলেন, এখন কর্মীরা অনলাইনেও অভিযোগ জমা দিতে পারেন। গত মাসে তার অফিস ক্ষতিপূরণের মাধ্যমে চারটি অভিযোগ নিষ্পত্তি করেছে। আরও আটটি অভিযোগের তদন্ত প্রতিবেদন তৈরি করেছে।

কিছু অভিযোগ স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি করা হয়। অন্যগুলো ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় বলে জানান তিনি।

তবে সরকারি কর্মকর্তার এই বক্তব্যের জবাবে শাকিরুল বলেন, নিয়োগকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব হলো প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া ও সংরক্ষণ করা। সেসব নথি কর্মীদের কাছে না থাকলে তাদের প্রতিকার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর সেবা দিতে দেরি হওয়ার বিষয়টি স্বীকার করেন।

তিনি বলেন, প্রতিদিন তিনি ব্যক্তিগতভাবে ১৫ থেকে ২৫টি আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠান। তার মাধ্যমে সরাসরি পাঠানো অভিযোগগুলোর নিষ্পত্তি অন্যগুলোর তুলনায় দ্রুত হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, কিছু আবেদন দপ্তরেই আটকে থাকে। অনানুষ্ঠানিকভাবে টাকা না দিলে কিছু আবেদন সামনে এগোয় না, এমন ঘটনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ বা কর্মকর্তার নাম জানাননি।

তিনি বলেন, ‘একটা সংগঠন যখন এসব তথ্য প্রকাশ করেছে, তখন এর মধ্যে নিশ্চয়ই কিছু সত্যতা আছে। এসব তথ্য কাজে লাগিয়ে আমরা আমাদের কাজের গতি বাড়াতে পারি।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে আইনি ও কর্মসংস্থানসংক্রান্ত সমস্যায় পড়া বাংলাদেশি কর্মীদের সহায়তায় সরকার ইতোমধ্যে মালয়েশিয়ায় একটি আইনি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে। সৌদি আরবেও এ ধরনের ব্যবস্থা চালুর কাজ চলছে।

তিনি বলেন, ‘ধীরে ধীরে যেসব দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করেন, সেসব দেশে আইনি সহায়তা দেওয়ার প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। এর মাধ্যমে অভিবাসী কর্মীরা ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন।’

অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থায় সংস্কার আনতে ওকাপ কয়েকটি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে বিএমইটিতে অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা বিভাগ গঠন, ক্ষতিপূরণ নির্ধারণে সুনির্দিষ্ট পদ্ধতি চালু এবং পর্যায়ক্রমে অভিবাসী কর্মীদের জন্য স্বাধীন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা।

সংগঠনটির মতে, এ ধরনের ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক হতে হবে। একই সঙ্গে সেই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতাও থাকতে হবে।

Most Popular