সেঞ্চুরিয়নে মাঠের লড়াইয়ে এমনিতেই কোণঠাসা বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার রানপাহাড়ে চাপ আরও বেড়েছে। এর মধ্যেই নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে লিটন দাসের চোট। কুঁচকিতে ব্যথা নিয়ে দ্বিতীয় দিনের খেলা চলাকালে মাঠ ছেড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
মঙ্গলবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চোট পান লিটন। ফিল্ডিংয়ের সময় ডান কুঁচকিতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে হয় তাকে। এরপর বাংলাদেশের হয়ে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করেন জাকের আলী অনিক। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৬৭তম ওভার থেকে গ্লাভস হাতে দেখা যায় তাকে।
লিটনের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান এক বার্তায় জানিয়েছেন, ‘ফিল্ডিংয়ের সময় লিটন ডান কুঁচকিতে ব্যথা অনুভব করছিল। এ কারণে সে মাঠ থেকে উঠে গেছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
তবে চোট কতটা গুরুতর কিংবা লিটনকে কত দিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিং করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ম্যাচের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে লিটনের চোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল শরীফুল ইসলামকেও। তবে সতীর্থের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি বাঁহাতি এই পেসার, ‘সম্ভবত কুঁচকিতে চোট পেয়েছে। ফিজিওর তত্ত্বাবধানে আছে। এটুকুই জানি।’
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা লিটন। জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তার ১২০ রানের ইনিংসেই বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসে বড় ব্যবধানের ঘাটতি পুষিয়ে নিতে তার ব্যাটিংয়ের প্রয়োজনীয়তা আরও বেশি।
অথচ প্রথম ইনিংসেই বিপর্যস্ত বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন মাত্র ৯১ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সেঞ্চুরিয়নে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
সেই ব্যর্থতার পর বোলিংয়েও দক্ষিণ আফ্রিকাকে খুব একটা চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৪ রান। প্রথম ইনিংসেই ৪০৩ রানের বিশাল লিড নিয়েছে তারা।
