Saturday, November 28, 2026
Homeবাংলাদেশকাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

আজ বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুন্নাহার বেগম (৫২)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে গতকাল তার মেয়ে সানজিদা ইসলাম (২০), ২০ নভেম্বর বাসার সাবলেট ভাড়াটিয়া ইফতি সাবা (২৫) ও ২১ নভেম্বর ইফতির এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ মারা যায়।

এ দুর্ঘটনায় সাবার স্বামী আব্দুর রহমান মানিক (৩২) শরীরের ৬ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন। ‘মানিকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে,’ ডেইলি স্টারকে বলেন সুলতান।

সানজিদা গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মানিক ওই ফ্ল্যাটে সপরিবারে সাবলেট থাকতেন।

গত ১৯ নভেম্বর সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বলেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে যায়।

মানিক জানান, বৃহস্পতিবার সকালে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান, তার শরীরে আগুন জ্বলছে। পাশেই তার দেড় বছর বয়সী ছেলে মাহাদও ঘুমাচ্ছিল। তার ছেলেটিও আগুনে পুড়ে যাচ্ছিল।

ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় মানিক দেখতে পান, তার স্ত্রী, শামসুন্নাহার ও সানজিদা দগ্ধ হয়েছেন এবং দৌড়ে বাইরে বেরিয়ে আসছেন।

‘বোতলজাত গ্যাসে চুলা জ্বলতো, তবে সিলিন্ডার রাখা ছিল নিচতলায়,’ বলেন মানিক।

তার ধারণা, রাতে গ্যাস লিক করে ফ্ল্যাটে জমেছিল। সকালে তার স্ত্রী নাশতা তৈরি করতে গেলে বিস্ফোরণ হয়।

‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে ততক্ষণে আগুন নিভিয়ে ফেলা হয়েছিল। প্রতিবেশীরাই আহতদের হাসপাতালে নিয়ে যান,’ বলেন এসআই সুমন।

এই পুলিশ কর্মকর্তাও মনে করেন, লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণটি ঘটেছে।

Most Popular