গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন।
গ্রেপ্তার রফিকুল ইসলাম (২৪) নীলফামারীর জলঢাকা থানার আলুশিয়া পাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোর্ড এলাকার মেম্বারবাড়ী সড়কে ভাড়াবাসায় থাকেন ও সেখানকার একটি পোশাক কারখানায় কাজ করেন।
এসআই সাখাওয়াত জানান, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে গত ১৮ নভেম্বর গাছা থানার হারিকেন ডেগেরচালা সড়কের মাথায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনারের ব্যবহৃত সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওই ঘটনায় গাছা থানায় একটি মামলা করা হয়। সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রফিকুলকে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ।
