Saturday, November 28, 2026
Homeখেলাপিছিয়ে পড়েও পাঁচ গোলে পিএসভিকে উড়িয়ে দিল রিয়াল

পিছিয়ে পড়েও পাঁচ গোলে পিএসভিকে উড়িয়ে দিল রিয়াল

প্রথমার্ধে বেঞ্চে বসে দেখেছেন দলের অসহায়ত্ব। বিরতির সময় যখন মাঠে নামলেন, রিয়াল মাদ্রিদ তখন এক গোলে পিছিয়ে। কিন্তু জুড বেলিংহাম নামার পরই যেন বদলে গেল ম্যাচের চেহারা। মাঝমাঠে ফিরল নিয়ন্ত্রণ, আক্রমণে এল গতি। এর মধ্যে দুর্দান্ত এক ভলিতে গোল করে রিয়ালকে এগিয়েও দিলেন ইংলিশ মিডফিল্ডার। এরপর কিলিয়ান এমবাপের জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে পিএসভি আইন্দহোভেনকে রীতিমতো উড়িয়ে দিল রিয়াল।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম ম্যাচে ডাচ চ্যাম্পিয়ন পিএসভিকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ইভান পেরিসিচের পেনাল্টি গোলে পিছিয়ে পড়া স্বাগতিকেরা দ্বিতীয়ার্ধে করেছে পাঁচ গোল। একটি করে গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে, বেলিংহাম ও ভিনিসিয়ুস। অন্য দুটি এমবাপের।

এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে সাময়িকভাবে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ জিতল স্প্যানিশ জায়ান্টরা।

তবে ম্যাচের প্রথমার্ধ দেখে এমন দাপুটে জয়ের আভাস পাওয়া যায়নি। বরং নিজেদের মাঠেই পিএসভির আক্রমণে বেশ কয়েকবার বিপদে পড়েছিল রিয়াল।

শুরুর দিকে সুযোগ পেয়েছিলেন পিএসভির রুবেন ফন বোমেল। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর রিয়ালের হয়ে গোলের কাছাকাছি পৌঁছান ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোরালো শট ফিরে আসে ক্রসবারে লেগে।

এরপর ৩২ মিনিটে এগিয়ে যায় পিএসভি। নিজেদের বক্সে সেভেন মাইনান্সের পায়ে আঘাত করেন রিয়ালের অরেলিয়েন চুয়ামেনি। ভিএআরের সাহায্যে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন পেরিসিচ।

গোল হজমের পরও প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি রিয়াল। বরং পিএসভি ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। শেষ পর্যন্ত এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

পরিস্থিতি বদলাতে বিরতিতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন মরিনহো। তাদের একজন বেলিংহাম। সামান্য শারীরিক সমস্যার কারণে ইংলিশ মিডফিল্ডারকে শুরুর একাদশে রাখেননি রিয়াল কোচ। কিন্তু দলের বিপদের সময় আর তাঁকে বাইরে রাখার ঝুঁকি নেননি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। ৫০ মিনিটে সমতা ফেরান ভালভার্দে। ভিনিসিয়ুসের শুরু করা আক্রমণে ইয়ান দিয়োমান্দের পাস পান আরদা গুলের। তুর্কি মিডফিল্ডারের দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান ভালভার্দে।

সমতায় ফিরেই যেন আরও ভয়ংকর হয়ে ওঠে রিয়াল। এর মধ্যে গুলের ও এমবাপ্পের দুটি চেষ্টা রুখে দেন পিএসভির গোলরক্ষক মাতেই কোভার। কিন্তু ৬০ মিনিটে বেলিংহামের অসাধারণ এক মুহূর্তের সামনে অসহায় হয়ে পড়েন তিনি।

বক্সের প্রান্তে বল পেয়ে সেটি একটু উঁচুতে তুলে নেন বেলিংহাম। এরপর দুর্দান্ত এক ভলিতে দূরের পোস্ট ঘেঁষে বল পাঠান জালে। ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারেননি কোভার। বেলিংহামের সেই গোলেই ম্যাচে প্রথমবার এগিয়ে যায় রিয়াল।

রিয়াল মাদ্রিদ টিভিকে তিনি বলেন, ‘জানি না কীভাবে করলাম। ভালো একটা জায়গায় বল পেয়েছিলাম। মনে হলো শট নেব। শট নিলাম, আর গোল হয়ে গেল।’

তবে নিজের অসাধারণ গোলের চেয়ে দলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিয়েছেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, কারণ সাধারণ কাজগুলো আরও ভালোভাবে করেছি। সবাই জানে, আমাদের দলে অসাধারণ কিছু করার সামর্থ্য আছে এমন অনেক খেলোয়াড় রয়েছে। কিন্তু কখনো কখনো সহজ কাজগুলো ঠিকঠাক করাই বেশি গুরুত্বপূর্ণ।’

বেলিংহামের গোলের পর আর পেছনে তাকাতে হয়নি রিয়ালকে। চার মিনিট পরই ব্যবধান ৩-১ করেন এমবাপে। পিএসভির রক্ষণে বলের দখল হারানোর সুযোগ কাজে লাগিয়ে ফরাসি ফরোয়ার্ডকে পাস দেন গুলের। ঠান্ডা মাথায় বল জালে পাঠান এমবাপে।

এটি ছিল চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের ৭৫তম গোল। চলতি মৌসুমে প্রতিযোগিতাটিতে রিয়ালের পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন তিনি।

৮৪ মিনিটে আবারও পিএসভির জালে বল পাঠান এমবাপে। ব্রাহিম দিয়াজের পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ।

তবে রিয়ালের গোলের উৎসব তখনো শেষ হয়নি। ৮৮ মিনিটে পিএসভির রক্ষণভাগের পেছনে বেলিংহামের তুলে দেওয়া পাস ধরে বল জালে পাঠান ভিনিসিয়ুস। আগস্টের পর রিয়ালের হয়ে এটিই তাঁর প্রথম গোল।

মৌসুমের শুরু থেকে নিজের সেরা ছন্দে ছিলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পিএসভির বিপক্ষে গোল পাওয়ার পাশাপাশি পুরো ম্যাচে তার আক্রমণাত্মক পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। তাই ভিনিসিয়ুসের গোলের পর ডাগআউট ছেড়ে উঠে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মরিনহো।

সতীর্থের এমন পারফরম্যান্সে খুশি ভালভার্দেও। উরুগুয়ের এই মিডফিল্ডার বলেন, ‘ও যেভাবে খেলেছে, যেভাবে খেলাটা উপভোগ করেছে, সেটা দারুণ আনন্দের। গোলও পেয়েছে, এখন ওকে উপভোগ করতে দিন। বেশ কিছু ম্যাচে হয়তো নিজের সেরা ফুটবলটা খেলতে পারেনি। কিন্তু আজ ও ফিরে এসেছে। সতীর্থ এবং বন্ধু হিসেবে আমি ওর জন্য খুব খুশি।’

তবে রিয়ালের এই দুর্দান্ত প্রত্যাবর্তনের সবচেয়ে বড় নায়ক বেলিংহামই। ম্যাচ শেষে তাঁর উপস্থিতির প্রভাবও স্বীকার করেছেন ভালভার্দে, ‘দ্বিতীয়ার্ধে আমরা অবিশ্বাস্য খেলেছি। প্রথম মিনিট থেকেই আমাদের এমনভাবে খেলা উচিত। জুড মাঠে নামার পর আমাদের খেলায় স্থিরতা এসেছে। পেছন থেকে আক্রমণ গড়ার সময় আমরা অনেক ভালোভাবে বল এগিয়ে নিতে পেরেছি।’

আর বিরতিতে শিষ্যদের কী বলেছিলেন, সেই রহস্য অবশ্য প্রকাশ করতে চাননি মরিনহো। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে পর্তুগিজ কোচ বলেছেন, ‘ড্রেসিংরুমটা লাস ভেগাসের মতো। ভেগাসে যা ঘটে, সেটা ভেগাসেই থাকে।’
 

Most Popular