Monday, November 23, 2026
Homeবাংলাদেশনির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই: আপিল...

নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই: আপিল বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতি, রীতি ও আইন অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।

আপিল বিভাগ এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশও দিয়েছেন।

গত ১৮ নভেম্বর হাইকোর্ট আদেশ দিয়েছিলেন, আগামী ৩১ ডিসেম্বরের আগে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ স্নাতক ও মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে পারবে না। ১ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৩ ডিসেম্বর। এর আগে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা নিতে পারবে না।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ।

তবে সম্পূরক এইচএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীসহ সব আবেদনকারীর কাছ থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ বছর নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরুর কথা রয়েছে।

এদিকে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল।

এ বছর মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন।

Most Popular