Monday, November 23, 2026
Homeবাংলাদেশযৌতুকের দাবিতে বিয়েতে এলেন না বর, থানায় অভিযোগ

যৌতুকের দাবিতে বিয়েতে এলেন না বর, থানায় অভিযোগ

কনে বিয়ের সাজে প্রস্তুত; বাড়িতে আত্মীয়স্বজন ও অতিথিদের ভিড়। বর পক্ষের আপ্যায়নের জন্য রান্নাও শেষ। কিন্তু নির্ধারিত সময়ে বিয়ে করতে এলেন না বর। অভিযোগ, মোটরসাইকেলের জন্য আরও দেড় লাখ টাকা দাবি করে বিয়ে করতে অস্বীকৃতি জানায় বরপক্ষ।

গত শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি বরের পরিবারের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগের কথা উল্লেখ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী আগে ওমানে প্রবাসী ছিলেন। প্রবাসে থাকার সময় প্রতিবেশী জালালপুর গ্রামের আব্বাস আলী (৪০) নামের এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর অভিযোগ, ওমানে থাকা অবস্থায় বিভিন্ন সময়ে তিনি আব্বাস আলীকে সাড়ে তিন লাখ টাকা দিয়েছিলেন।

প্রায় এক মাস আগে ওই নারী দেশে ফেরেন। পরে দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর তাদের বিয়ের দিন ঠিক করা হয়। তবে বিয়ের আগে বরপক্ষ একটি মোটরসাইকেল দাবি করে। কনেপক্ষের অভিযোগ, ১৯ নভেম্বর বরের পরিবারের সদস্যরা কনের বাড়িতে এলে মোটরসাইকেল কেনার জন্য সাক্ষীদের উপস্থিতিতে তাদের হাতে নগদ দেড় লাখ টাকা তুলে দেওয়া হয়।

বিয়ের আয়োজন ঘিরে কনের পরিবার খাবারের পেছনে প্রায় দুই লাখ টাকা খরচ করে। কিন্তু শুক্রবার বিকেল পর্যন্ত বরপক্ষের কেউ না আসায় তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বরপক্ষ জানায়, মোটরসাইকেলের জন্য আরও দেড় লাখ টাকা না দিলে বিয়ে হবে না। বারবার অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো যায়নি।

কনের বড় ভাই বলেন, তার বোন বিয়ের সাজে প্রস্তুত ছিলেন এবং অতিথিরাও অনুষ্ঠানে এসেছিলেন। কিন্তু বরপক্ষ না আসায় তারা সামাজিকভাবে বিপাকে পড়েছেন। এ কারণে তারা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন।

তবে যৌতুকের অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা যৌতুক হিসেবে কোনো টাকা নিইনি। আমার ভাইয়ের পাওনা এক লাখ টাকা পেয়েছি মাত্র।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সামাজিক মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন। সামাজিকভাবে সমাধান না হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Most Popular