Monday, November 23, 2026
Homeখেলা‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি

‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি

আট বছর আগের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। উসমান খাওয়াজা, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটদের পর এবার সেই বিতর্কে যোগ দিলেন এবি ডি ভিলিয়ার্স। বল বিকৃতির ঘটনা শুধু কেপটাউন টেস্টেই ঘটেনি, তার আগেও এমন কাজ করেছে অস্ট্রেলিয়া বলে দাবি করেন তিনি। এমনকি সেই সিরিজের প্রথম টেস্টে ডারবানেও বল বিকৃতি হয়েছিল বলে বিশ্বাস তার।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউনের নিউল্যান্ডসে তৃতীয় টেস্ট চলাকালে স্যান্ডপেপার দিয়ে বল ঘষতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট। সেই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফট পান নয় মাসের নিষেধাজ্ঞা। তবে দলের অন্য কোনো খেলোয়াড় কিংবা কোচকে শাস্তি দেওয়া হয়নি।

দীর্ঘদিন চাপা পড়ে থাকা ঘটনাটি সম্প্রতি আবার আলোচনায় এসেছে উসমান খাওয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর। বইটিতে খাওয়াজা দাবি করেছেন, বল বিকৃতির পরিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। পরে তার দাবির পক্ষে কথা বলেছেন ওয়ার্নার ও ব্যানক্রফটও। যদিও অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউড এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, বল বিকৃতির ঘটনা যে শুধু কেপটাউনে ঘটেনি, সে ব্যাপারে তাঁর কোনো সন্দেহ নেই।

ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি দেখছি, সবাই কমবেশি স্বীকার করছে, পোর্ট এলিজাবেথেও এমন ঘটনা ঘটেছিল। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, ডারবানেও এর ব্যতিক্রম হয়নি। চাইলে সেই ম্যাচের ভিডিও ফুটেজ দেখে নিতে পারেন। আমার মনে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজের প্রথম টেস্ট হয়েছিল ডারবানে। দ্বিতীয় টেস্টের ভেন্যু ছিল পোর্ট এলিজাবেথ, আর তৃতীয়টি কেপটাউনে। এত দিন মূল আলোচনা ছিল কেপটাউন টেস্টকে ঘিরে। সম্প্রতি দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। এবার ডি ভিলিয়ার্স দাবি করলেন, প্রথম টেস্ট থেকেই বলের অবস্থা অবৈধভাবে পরিবর্তন করছিল অস্ট্রেলিয়া।

ডারবান টেস্টের কথা উল্লেখ করে ডি ভিলিয়ার্স আরও বলেছেন, ‘আমরা ডারবানে প্রথম টেস্টে হেরেছিলাম। সেখানে খুব অদ্ভুত একটা সময়ে বল রিভার্স সুইং করছিল। কিংসমিডে এত দ্রুত বলের রিভার্স সুইং করার কথা নয়। বিশ্বাস করুন, সেখানে আমি অনেক ক্রিকেট খেলেছি।’

তবে ডারবানে ঠিক কী ব্যবহার করে বল বিকৃত করা হয়েছিল, তা নিশ্চিত করে বলেননি তিনি। তার অভিযোগ, স্যান্ডপেপার হোক কিংবা অন্য কোনো বস্তু, নিয়মবহির্ভূতভাবে বলের অবস্থা পরিবর্তন করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে কে স্যান্ডপেপার ব্যবহারের কথা জানতেন, আর কে জানতেন না, সাম্প্রতিক বিতর্কের বড় অংশজুড়েই রয়েছে এই প্রশ্ন। কিন্তু ডি ভিলিয়ার্সের কাছে মূল বিষয়টি আরও গভীর। তাঁর মতে, কোন বস্তু ব্যবহার করা হয়েছিল, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পরিকল্পনা করে অবৈধ কাজ করার সিদ্ধান্ত নেওয়া।

ডি ভিলিয়ার্স বলেন, ‘অদ্ভুত ব্যাপার হলো, সবাই এখন স্যান্ডপেপার নিয়ে কথা বলছে। কে স্যান্ডপেপারের কথা জানত, কে জানত না, সেটিই যেন বড় প্রশ্ন। কিন্তু দিনের শেষে সবাই জানত, তারা সীমা অতিক্রম করতে যাচ্ছে এবং অবৈধ কিছু করতে যাচ্ছে। আসল বিষয়টি সবাই এড়িয়ে যাচ্ছে।’

এরপর আরও স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি, ‘বল বিকৃত করতে কোন বস্তু ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে আমরা এত চিন্তিত কেন? আসল ব্যাপার হলো, মাঠে অবৈধ কিছু করার সিদ্ধান্ত আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল।’

এই পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন বলেও দাবি করেছেন ডি ভিলিয়ার্স, ‘প্রত্যেকেই বিষয়টি জানত। এ নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।’

তবে নতুন করে তৈরি হওয়া বিতর্কে নির্দিষ্ট কোনো ক্রিকেটারের বিরুদ্ধে অবস্থান নিতে চান না তিনি, ‘আমি এখানে কাউকে বিপদে ফেলতে আসিনি। কে ঠিক আর কে ভুল, সেটিও বলতে চাই না। তবে কয়েকটি বিষয়ে আমার নিজস্ব দৃঢ় মতামত আছে, যা হয়তো এখানে তুলে ধরব।’

খাওয়াজার আত্মজীবনী প্রকাশ নিয়েও আপত্তি নেই তার। যদিও এত বছর পর বিষয়টি সামনে আনার সময় নিয়ে কিছুটা বিস্মিত হয়েছেন এই সাবেক ক্রিকেটার, ‘উসমান বই প্রকাশ করেছে, এতে কোনো সমস্যা নেই। তবে সময়টা অবশ্যই কিছুটা অদ্ভুত। কারণ, এখন ২০২৬ সাল।’

স্যান্ডপেপার-কাণ্ডে জড়িত খেলোয়াড়দের বর্তমান পরিস্থিতি নিয়েও সহানুভূতি জানিয়েছেন ডি ভিলিয়ার্স, ‘বিষয়টি এখন সংশ্লিষ্ট সবার জন্য খুব ব্যক্তিগত হয়ে উঠেছে। তাঁদের প্রতি আমার সহানুভূতি আছে। তবে সেদিন যা ঘটেছিল, তার প্রতি কোনো সহানুভূতি নেই। আর কে জানে, তার আগে আরও কত ম্যাচে এমন ঘটনা ঘটেছে!’

অন্যদিকে খাওয়াজা ও ব্যানক্রফটদের অভিযোগ সরাসরি অস্বীকার করে আসছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়কের দাবি, ২০১৮ সালে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। খাজার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন তিনি।

তবে নতুন নতুন অভিযোগ সামনে আসায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপরও চাপ বাড়ছে। সংস্থাটি এরই মধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়দের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের কথা জানিয়েছে। যদিও সেখানকার সব তথ্য প্রকাশ করা হবে কি না, তা নিশ্চিত নয়।
 

Most Popular