Monday, November 23, 2026
Homeখেলাঅ্যাতলেতিকোর বিপক্ষে ফের্মিনকে হারানোর শঙ্কায় বার্সেলোনা

অ্যাতলেতিকোর বিপক্ষে ফের্মিনকে হারানোর শঙ্কায় বার্সেলোনা

দুই গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে সমতায় ফিরিয়েছিলেন ফের্মিন লোপেজ। শেষ পর্যন্ত ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। কিন্তু জয়ের অন্যতম নায়ক হওয়া ফের্মিনই এখন বার্সেলোনার জন্য বড় দুশ্চিন্তার কারণ। মাঠ থেকে উঠে যাওয়ার পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি। সে ক্ষেত্রে শুধু দেপোর্তিভো লা করুনা নয়, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাবে না বার্সেলোনা।

রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাত্র সাত মিনিটেই দুই গোল হজম করেছিল বার্সেলোনা। প্রথমার্ধে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন লামিন ইয়ামাল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। ৫৭ মিনিটে জেরার্দ মার্তিনের গোলে ব্যবধান কমানোর পর ৬১ মিনিটে সমতা ফেরান ফের্মিন। এরপর পাউ নাভারোর আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

কিন্তু জয়ের আনন্দের মধ্যেই নতুন বিপদে পড়েছেন ফ্লিক। ম্যাচের ৬৮ মিনিটে ফের্মিনকে তুলে দানি ওলমোকে মাঠে নামিয়েছিলেন তিনি। এরপর বেঞ্চে বসেই রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করেন ফের্মিন। সেই প্রতিবাদই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় তার জন্য।

ম্যাচের ৭৪ মিনিটে ফের্মিনকে লাল কার্ড দেন রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ। তবে ঘটনাটি টেলিভিশন ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েনি। কারণ, রেফারি লাল কার্ড দেখানোর আগেই বেঞ্চ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে গিয়েছিলেন ফের্মিন।

ম্যাচ শেষে রেফারির প্রতিবেদনে অবশ্য লাল কার্ডের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

সেখানে হার্নান্দেজ লিখেছেন, ‘৭৪ মিনিটে বার্সেলোনার ৭ নম্বর খেলোয়াড় ফের্মিন লোপেসকে বহিষ্কার করা হয়েছে। কারণ, তিনি বেঞ্চ থেকে উঠে চতুর্থ রেফারির দিকে এগিয়ে যান। খুব কাছাকাছি গিয়ে উচ্চ স্বরে প্রতিবাদ করতে থাকেন এবং বারবার বলেন, “আমার সঙ্গে এসব ফাজলামি করবেন না!”’

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমি তাকে লাল কার্ড দেখানোর আগেই তিনি বেঞ্চ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে যান।’

ফের্মিনের এমন আচরণের জন্য বড় শাস্তির আশঙ্কা করছেন স্পেনের সাবেক রেফারি ও বর্তমানে সংবাদমাধ্যম এএস এবং রেডিও কাদেনা সের-এর রেফারিং বিশ্লেষক এদুয়ার্দো ইতুরালদে গঞ্জালেস।

তার মতে, বেঞ্চ থেকে চতুর্থ রেফারির সঙ্গে এভাবে প্রতিবাদ করায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন ফের্মিন।

এমনটি হলে আগামী ২৯ নভেম্বর দেপোর্তিভো লা করুনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলতে পারবেন না তিনি। এরপর ২ ডিসেম্বর ক্যাম্প ন্যুতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হবে ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে।

তবে এখনো নিষেধাজ্ঞার মেয়াদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিষয়টি নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় আছে বার্সেলোনা।

এদিকে লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না কাতালান ক্লাবটি। তাদের দাবি, ফের্মিনের প্রতিবাদ এমন গুরুতর কিছু ছিল না, যার জন্য সরাসরি লাল কার্ড দেখাতে হবে। ফুটবল ম্যাচে এ ধরনের প্রতিবাদ প্রায়ই দেখা যায়। তাই সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা আছে বার্সেলোনার।

ক্লাবটির মূল লক্ষ্য অন্তত আতলেতিকোর বিপক্ষে ম্যাচে ফের্মিনকে পাওয়ার ব্যবস্থা করা। কারণ, দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকলে গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ে তাঁকে ছাড়াই নামতে হবে ফ্লিককে।
ফের্মিনের লাল কার্ড নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনা কোচও। তবে ঠিক কী ঘটেছিল, সেটি নিজে শোনেননি বলে জানিয়েছেন তিনি। চতুর্থ রেফারির সঙ্গে ফের্মিন কী বলেছিলেন, তা তার জানা ছিল না।

বিষয়টি জানতে চতুর্থ রেফারির কাছে গেলে উল্টো হলুদ কার্ড দেখতে হয় ফ্লিককেও। এতে আরও বিরক্ত হয়েছেন জার্মান কোচ, ‘এই রেফারির সঙ্গে আমাদের সব সময় একই ঘটনা ঘটে। যদি এমনই চলতে থাকে, তাহলে জেতার জন্য আমাদের আরও ভালো খেলতে হবে, যেমনটা দ্বিতীয়ার্ধে করেছি।’

শুধু ফের্মিনের লাল কার্ডই নয়, ম্যাচে রেফারির আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ফ্লিক। বিশেষ করে ইয়ামালের বিপক্ষে কয়েকটি ফাউল না দেওয়ার বিষয়টি ভালোভাবে নেননি তিনি। তবে খেলোয়াড়দের রেফারির সিদ্ধান্ত মেনে নিয়ে নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শও দিয়েছেন বার্সেলোনা কোচ।

Most Popular