Monday, November 23, 2026
Homeবাংলাদেশগাজীপুরে বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩

গাজীপুরে বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩

গাজীপুরের টঙ্গীতে একটি বাসায় অগ্নিকাণ্ডে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার পশ্চিম দাঁড়াইল এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন ঝালকাঠির চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনার কয়রা উপজেলার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) এবং নরসিংদী সদর উপজেলার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ বাসার একটি কক্ষে আগুন জ্বলতে দেখে অন্য ভাড়াটিয়ারা বাইরে বেরিয়ে আসেন। এ সময় ওই তিনজন ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে আগুনে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।

আজ সোমবার সকাল ৯টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহীন আলম দ্য ডেইলি স্টারকে বলেন, রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

টঙ্গী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মিঠুন মিয়া জানান, দগ্ধ তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ওই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

Most Popular