Wednesday, October 7, 2026
Homeবিনোদনবিটিএসের পর গ্র্যামি বর্জন করল কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস

বিটিএসের পর গ্র্যামি বর্জন করল কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস আগামী বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কোনো গান জমা দেবে না বলে জানিয়েছে। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

স্ট্রে কিডসের প্রতিষ্ঠান জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ২০২৭ সালের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য তারা কোনো গান জমা দেয়নি। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত কিছু জানায়নি।

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, এবারের গ্র্যামিতে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে নতুন একটি বিভাগ চালু করেছে রেকর্ডিং একাডেমি। এই বিভাগে কে-পপ, জে-পপ ও সি-পপসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের পপ সংগীতকে পুরস্কৃত করা হবে। তবে গানটিতে অন্তত একটি এশীয় ভাষার উল্লেখযোগ্য ব্যবহার থাকতে হবে।

নতুন এই বিভাগ নিয়ে শুরু থেকেই সমালোচনা হচ্ছে। অনেকের মতে, এশীয় পপ সংগীতকে অঞ্চল ও ভাষার ভিত্তিতে আলাদা করার ফলে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত শিল্পীদের মূলধারার পপ সংগীত থেকে আলাদা করে দেখা হতে পারে।

জুলাইয়ে বিটিএসও জানিয়েছিল, তারা ২০২৭ সালের গ্র্যামির জন্য কোনো গান জমা দেবে না। তখন ব্যান্ডটি বলেছিল, সংগীতকে অঞ্চল বা ভাষার বাইরে গিয়ে তার নিজস্ব পরিচয়ে স্বীকৃতি দেওয়া উচিত।

নতুন বিভাগে স্ট্রে কিডসকে সম্ভাব্য শক্তিশালী প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছিল। যুক্তরাষ্ট্রে ব্যান্ডটির জনপ্রিয়তাও বেশ বড়। তাদের অ্যালবাম একাধিকবার বিলবোর্ড ২০০-এর শীর্ষে উঠেছে।

স্ট্রে কিডসের এই সিদ্ধান্তের ফলে নতুন বিভাগ নিয়ে সমালোচনা আরও বাড়তে পারে। পাশাপাশি অন্য বড় কে-পপ শিল্পীরাও গ্র্যামিতে গান জমা দেওয়া থেকে বিরত থাকবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

২০২৭ সালের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। পুরস্কারের প্রথম ধাপের ভোট চলবে ১২ থেকে ২২ অক্টোবর। মনোনয়ন ঘোষণা করা হবে ১৬ নভেম্বর।

Most Popular