‘ক্যাফে দ্য ভলতের’ পর এবার নতুন নাটক ‘তবুও প্রেম আসে’ নিয়ে মঞ্চে আসছে নাট্যদল হান্ট থিয়েটার।
আগামীকাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাট্যদল হান্ট থিয়েটার।
এতে বলা হয়, ‘তবুও প্রেম আসে’ নাটকটি দুইজন পরিণত মানুষের সম্পর্ক ও ভালোবাসার গল্প। যেখানে একজন আরেকজনের আস্থা ও আশ্রয়ের জায়গা হয়ে ওঠে। প্রেমকে চাওয়া-পাওয়ার হিসাবের বাইরে রেখে, একে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে দেখার চেষ্টা করেছে নাটকটি।
এ নাটকে অভিনয় করেছেন সারাহ জেবীন অদিতি, সুপ্তি দাস চৈতি, ডায়না ম্যারেলিন, নিয়ন আহসান, সাইম বিন মুজিব ও জেরম প্রজ্ঞা মধু।
নাটকটি লিখেছেন ও নির্দেশনা করেছেন ডায়না ম্যারেলিন এবং নাট্যরূপ দিয়েছেন শাফী বিন কবির।
এছাড়া লাইট ডিজাইনে মো. মোখলেছুর রহমান, সাউন্ড ও মিউজিকে চার্লস নিলয় চৌধুরী, সেট ও প্রপসে মালিহা ফাইরুজ ফারিন মেলিসা ও সুপ্রিয় ঘোষ, কস্টিউমে রহমত, পোস্টার ও ডিজিটাল আর্কাইভে সারাহ জেবীন অদিতি ও শুভাশিস হালদার এবং কোরিওগ্রাফি করেছেন অন্বেষা বিশ্বাস অগ্নি।
নাটকের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী, সাজ্জাদ কবির ও রেশমী চাকমা।
‘ক্যাফে দ্য ভলতে’ হান্ট থিয়েটারের প্রথম প্রযোজনা ছিল।
