Friday, September 25, 2026
Homeবাংলাদেশনাটোরে ৮ বছরের শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ কনস্টেবল দম্পতি গ্রেপ্তার

নাটোরে ৮ বছরের শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ কনস্টেবল দম্পতি গ্রেপ্তার

নাটোরে ৮ বছর বয়সী এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগে পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কনস্টেবল ও তার স্ত্রীর বিরুদ্ধে ওই শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিশুটির বাবা গতকাল বৃহস্পতিবার মামলা করার পর ওই রাতেই তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান।

আজ শুক্রবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তাররা হলেন—নাটোর জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত কনস্টেবল মো. শাকিল এবং তার স্ত্রী নওরীন। তারা নাটোর পৌরসভার বড় হরিশপুর এলাকায় মাহমুদুল হাসানের বাড়িতে ভাড়া থাকেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বুধবার রাতে খেলার সময় বাড়ির মালিক মাহমুদুল হাসানের ৮ বছরের ছেলের সঙ্গে শাকিল ও নওরীনের সন্তানদের ঝগড়া হয়। পরে অভিভাবকরা মিলে বিষয়টির সমাধান করে দেন।

তবে বৃহস্পতিবার শাকিল ও নওরীন শিশুটিকে নিজেদের কক্ষে আটকে রেখে জোরপূর্বক আঙুল কেটে দেন বলে মামলায় অভিযোগ করেন বাবা মাহমুদুল।

শিশুটিকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে নাটোর জেলার অতিরিক্ত পুলিস সুপার ইফতে খায়ের আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভাগীয় ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।’

Most Popular