Wednesday, September 23, 2026
Homeখেলাআফগানিস্তানের রশিদকে হটিয়ে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তানের আবরার

আফগানিস্তানের রশিদকে হটিয়ে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তানের আবরার

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের চূড়ার ওঠার স্বাদ নিলেন তিনি। পেছনে পড়ে গেলেন আরেক লেগ স্পিনার— আফগানিস্তানের রশিদ খান।

বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধানে রশিদকে পেছনে ফেলেছেন আবরার। তার রেটিং পয়েন্ট ৭৩৬। দুইয়ে নেমে যাওয়া রশিদের রেটিং পয়েন্ট ৭৩৫।

ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে হতাশ করেন রশিদ। তিন ম্যাচে ৪ উইকেট নিলেও বেজায় খরুচে ছিলেন তিনি। ওভারপ্রতি গড়ে ৯.৮২ রান খরচ করেন। তার এই বিবর্ণ পারফরম্যান্সের প্রেক্ষিতে না খেলেই শীর্ষে আরোহণ করেছেন আবরার।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে এক নম্বর জায়গা দখল করেছেন আবরার। তার আগে এই কীর্তি গড়েছিলেন উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহিদ আফ্রিদি।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারে থাকা চারজন বোলারই লেগ স্পিনার। ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা তিনে এবং ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের আদিল রশিদ চারে অবস্থান করছেন। জ্যাম্পার এক ধাপ উন্নতি ও রশিদের এক ধাপ অবনতি হয়েছে।

বিশাল লাফ দিয়েছেন ইংল্যান্ডের পেসার জেমি ওভারটন। তিনি ৪৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে তার শিকার ছিল ৫ উইকেট।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তিনি দ্বাদশ স্থান ধরে রেখেছেন। এছাড়া, সেরা পঞ্চাশের মধ্যে আছেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান (২১তম), পেসার মোস্তাফিজুর রহমান (২৪তম) ও লেগ স্পিনার রিশাদ হোসেন (২৮তম)।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে কোনো বদল আসেনি। ভারতের ইশান কিশান ও অভিষেক শর্মা যথাক্রমে এক ও দুইয়ে এবং পাকিস্তানের সাহিবজাদা ফারহান তিনে রয়েছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা বিশে আছেন কেবল তানজিদ হাসান তামিম (১৭তম)।

এই সংস্করণের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের সাইম আইয়ুব আগের মতোই যথাক্রমে শীর্ষে ও দ্বিতীয় স্থানে আছেন। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের উইল জ্যাকস।

Most Popular