লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের সাম্প্রতিক মন্তব্যকে ‘অসহনীয়’ আখ্যা দিয়েছে রিয়াল মাদ্রিদ। এমনকি তার পরিবর্তে স্প্যানিশ ফুটবল লিগে নতুন নেতৃত্বের দাবি জানিয়েছে ক্লাবটি। রেফারিং নিয়ে তাদের তোলা অভিযোগকে তেবাস ‘অন্য জগতের বাস করার মতো’ বলে কটাক্ষ করার পর এমন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রিয়াল।
গত রোববার মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এরপর নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ‘বাজে রেফারিংয়ে ডার্বির ভাগ্য নির্ধারণ হয়েছে’ শিরোনামে একটি ম্যাচ রিপোর্ট প্রকাশ করে তারা।
খেলা শেষে সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ জোসে মরিনিয়ো অভিযোগের পসরা মেলে ধরেছিলেন। জুড বেলিংহ্যামকে বাজেভাবে ফাউল করার পরও ক্রিস্তিয়ান রোমেরোকে লাল কার্ড না দেওয়া এবং ফেদেরিকো ভালভার্দের ওপর লি কাং-ইনের কড়া ট্যাকল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। ওই দুটি বিতর্কিত ঘটনার ছবিও প্রিন্ট করে নিয়ে গিয়েছিলেন তিনি।
রেফারি মিগেল আনহেল ওরতিজ আরিয়াস এবং তাকে যারা ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, তাদের সমালোচনাও করেছিলেন পর্তুগিজ কোচ মরিনিয়ো। তিনি বলেছিলেন, যদি সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়, তাহলে রিয়ালই লা লিগার শিরোপা জিতবে।
অ্যাতলেতিকোর কাছে হারের পর লা লিগার পয়েন্ট তালিকায় চার নম্বরে নেমে গেছে রিয়াল। সাত ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে লস ব্লাঙ্কোরা।
তবে রিয়ালের এমন ক্ষোভকে মাঠের ব্যর্থতা ঢাকার অজুহাত বলে মনে করেন লা লিগা প্রধান তেবাস। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘রেফারিদের রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বাঁশি বাজাতে বলা হচ্ছে— এমন দাবি করা মানে অন্য কোনো জগতে বাস করা। খেলার মাঠে কী ঘটছে তা ব্যাখ্যা করার চেয়ে ষড়যন্ত্রের দিকে আঙুল তোলা অনেক সহজ।’
তেবাসের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে একই দিনে নিজেদের ওয়েবসাইটে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে রিয়াল। সেখানে জরুরিভিত্তিতে লা লিগার শীর্ষ পদে পরিবর্তন আনার দাবি করেছে সফলতম স্প্যানিশ ক্লাবটি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ক্লাব মনে করে, লা লিগার সভাপতি তার প্রাতিষ্ঠানিক পদ ব্যবহার করে রিয়াল মাদ্রিদকে ক্রমাগত হেয় ও আক্রমণ করে যাচ্ছেন, যা অত্যন্ত অসহনীয়। তার এমন অসংলগ্ন ও ধারাবাহিক আচরণের প্রেক্ষাপটে আমরা মনে করি, স্পেনের পেশাদার ফুটবল প্রতিযোগিতার পরিচালনায় অবিলম্বে এমন একজন নিরপেক্ষ নেতা প্রয়োজন, যিনি দায়িত্বশীলতার সঙ্গে এর পূর্ণ সম্ভাবনা ফুটিয়ে তুলতে পারবেন।’
২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্বে আছেন তেবাস। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ মেয়াদে নির্বাচিত হন। সভাপতি হিসেবে এই ফুটবল সংগঠকের বর্তমান মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
নিজেকে রিয়ালের সমর্থক দাবি করলেও ক্লাবটির কর্তৃপক্ষের সঙ্গে তেবাসের বিরোধ নতুন নয়। এমনকি গত কয়েক বছরে আইনি লড়াইয়েও মুখোমুখি হতে দেখা গেছে তাদেরকে।
