Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশমরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর

মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসামিদের এখন ডিবির হেফাজতে রাখা হয়েছে।’

রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরপর ওই রাতেই গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

গতকাল সোমবার ঢাকার একটি আদালত এ মামলায় গাজী নজরুলকে চার দিন এবং মাকসুদাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

মরিয়মের বাবা মাসুম বিল্লাহ রোববার গাজী নজরুলসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি করেন।

এর আগে, গত ২২ জুলাই ‘নৈতিক অসদাচরণের’ কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এদিকে, সোমবার রাত ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে মরিয়ম খাতুনকে দাফন করা হয়। 

এর আগে বাড়ির উঠানে তার জানাজা অনুষ্ঠিত হয়। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

Most Popular