Wednesday, September 23, 2026
Homeবাংলাদেশগাজীপুরে আগুনে পুড়ল গার্মেন্টস শ্রমিকদের ৪২টি ঘর

গাজীপুরে আগুনে পুড়ল গার্মেন্টস শ্রমিকদের ৪২টি ঘর

গাজীপুর সদর উপজেলায় ৪২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব ঘরে মূলত পোশাক কারখানার শ্রমিকেরা বসবাস করতেন।

গতকাল শনিবার রাত ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি-বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয় লোকজন প্রাথমিকভাবে তা নেভানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু সায়েম দ্য ডেইলি স্টারকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। রাত ১২টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে সড়ক প্রশস্ত না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছাতে বেগ পেতে হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক শ্রমিক বলেন, ‘আয়-রোজগার করে যা কিছু সঞ্চয় করেছিলাম, আগুনে সব শেষ হয়ে গেছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী আজ রোববার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Most Popular