Thursday, September 24, 2026
Homeখেলাউত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বিব্রতকর রেকর্ড গড়ল বাংলাদেশ

উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বিব্রতকর রেকর্ড গড়ল বাংলাদেশ

মুহুর্মুহু আক্রমণ, একটু পর পর-ই গোল। প্রথম ১১ মিনিটে হলো তিন গোল, ২০ মিনিটের ভেতর ৪টি। প্রথমার্ধেই বাংলাদেশ হজম করল ৭ গোল। বিরতির পর গোল বন্যায় একটু বাঁধ দেওয়া গেলেও চরম বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া গেল না।

জাপানের আইচি ও নাগোয়াতে এশিয়ান গেমসের নারী ফুটবলে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। নারী ফুটবলে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় হারের রেকর্ড। এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে ৯-০ গোল ছিল সবচেয়ে বড় পরাজয়।

এদিন শুরুর একাদশেও চমক দেখা যায়। পিটার বাটলার দলের অন্যতম সেরা দুই তারকা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে ছাড়াই মাঠে নামান দল। দিশেহারা মারিয়া মান্ডার দল একের পর এক গোল হজম করতে থাকায় ঋতুপর্ণা, মনিকাদের বদলি নামিয়েও লাভ হয়নি।

শারীরিক শক্তি, ফুটবলীয় দক্ষতা, মাঠের কৌশল সব জায়গাতেই বাংলাদেশের মেয়েদের কোণঠাসা করে রাখে উত্তর কোরিয়া। রীতিমতো বল নিয়ে ছেলেখেলা করতে থাকে তারা।

উত্তর কোরিয়ার পক্ষে জোড়া গোল করেন জোন রিয়ং জং (৫ ও ১০ মিনিট), চে উন সং (১৮ ও ৩৫ মিনিট) এবং কিম কিওং সং (৪০ ও ৪৩ মিনিট)। এ ছাড়া বাকি চারটি গোল আসে হওয়াং ইউ সং (১২ মিনিট), রি সং আ (৫১ মিনিট), জং কুম (৬০ মিনিট) এবং হান জিন সংয়ের (৯০ মিনিট)।

 

Most Popular