Tuesday, May 12, 2026
Homeখেলাবিশ্বকাপে কুরাসাওয়ের কোচ হয়ে ফিরলেন ‘লিটল জেনারেল’ অ্যাডভোকাট

বিশ্বকাপে কুরাসাওয়ের কোচ হয়ে ফিরলেন ‘লিটল জেনারেল’ অ্যাডভোকাট

কয়েক মাস আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ডিক অ্যাডভোকাট। কিন্তু শেষ পর্যন্ত আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের কোচ হয়ে ফিরলেন অভিজ্ঞ এই ডাচম্যান। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

৭৮ বছর বয়সী অ্যাডভোকাট এবার বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন। পারিবারিক কারণ দেখিয়ে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়েছিলেন তিনি। তবে তার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবারও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই কোচ।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছে কুরাসাও। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পাওয়া সবচেয়ে ছোট দেশ।

‘লিটল জেনারেল’ নামে পরিচিত অ্যাডভোকাটের ফেরার পথ তৈরি করে দিয়েছেন ফ্রেড রুটেন। মূলত অ্যাডভোকাটকে ফেরানোর সুযোগ করে দিতেই নিজের পদ ছাড়েন তিনি।

রুটেনের অধীনে মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল কুরাসাও। সেখানে চীন ও অস্ট্রেলিয়ার কাছে ৫-১ ব্যবধানে হেরে যায় দলটি। এরপরই কোচিং স্টাফ নিয়ে অসন্তোষ বাড়তে শুরু করে।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ম্যাচের পর কুরাসাও ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে বৈঠক করেন দলের খেলোয়াড় প্রতিনিধিরা। সেখানে তারা স্পষ্ট জানিয়ে দেন, রুটেনের বদলে অ্যাডভোকাটকেই কোচ হিসেবে চান তারা।

এমনকি কুরাসাও দলের অন্যতম বড় স্পন্সর করেনডন এয়ারলাইন্সের মালিক আতিলাই উসলোও চাপ সৃষ্টি করেছিলেন। প্রতিবেদনে দাবি করা হয়, কোচ পরিবর্তন না হলে বছরে ১০ লাখ ইউরোর বেশি অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

পদত্যাগের ঘোষণায় রুটেন বলেন, ‘দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে পেশাদার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, এমন পরিবেশ থাকা উচিত নয়। তাই দায়িত্ব ছেড়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত। সময় খুব গুরুত্বপূর্ণ, কুরাসাওকে সামনে এগিয়ে যেতে হবে। যেভাবে সবকিছু ঘটেছে, তা নিয়ে আমি হতাশ, তবে সবার জন্য শুভকামনা রইল।’

আগামী ১৪ জুন হিউস্টনে বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হবে কুরাসাও। আর সেই ঐতিহাসিক ম্যাচে সাইডলাইনে দাঁড়িয়ে থাকবেন অভিজ্ঞ অ্যাডভোকাটই।

Most Popular