গাজীপুর মহানগরের গাছা থানার উজারপাড়া মহরের বাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।
নিহত ব্যক্তির নাম শুভ। তিনি নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুভ গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় একটি ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গতকাল সোমবার রাতে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন।
পরে মঙ্গলবার ভোর আনুমানিক পাঁচটার দিকে উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আওয়াল সরদার দ্য ডেইলি স্টারকে জানান, অটোরিকশার চালকের মরদেহ উদ্ধারের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
