Tuesday, May 12, 2026
Homeবাংলাদেশনিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ

নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ

ফেনীর দাগনভূঞা উপজেলায় নিখোঁজ হওয়ার ২ দিন পর ডোবা থেকে ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মো. হাছান লক্ষীপুরের কমলনগর উপজেলার মো. তারেকের ছেলে। তারেক পরিবার নিয়ে দাগনভূঞায় পৌরসভার আমানউল্যাহপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

তারেক ডেইলি স্টারকে বলেন, গত শনিবার দুপুরে বাসার সামনে থেকে নিখোঁজ হয় হাছান। আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওইদিন রাতে এক ব্যক্তি ফোন করে প্রথমে ১২ হাজার এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকিও দেন। এ ঘটনায় পরদিন রোববার দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ করি।

পুলিশ জানায়, আজ সকালে তারেকের বাসার সামনে একটি ডোবায় শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহটি হাছানের বলে শনাক্ত করেন তারেক।

ওসি ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারক চক্রের কাজ হতে পারে। তদন্ত করে দেখা গেছে, হুমকি দেওয়া মোবাইল নম্বরটি নওগাঁর।

তিনি আরও বলেন, শিশুর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ডোবার পানিতে পড়ে শিশুটি মারা গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Most Popular