Thursday, August 20, 2026
Homeবাংলাদেশনোয়াখালীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় গ্রেপ্তার ১

নোয়াখালীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় গ্রেপ্তার ১

নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির ঘটনায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. লিংকন (২৭) উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখীল গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট রাতে বীজবাগ ইউনিয়নে পূর্ব শ্যামেরগাঁও গ্রামে নির্যাতনের ঘটনা ঘটে। এরপর ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।

ঘটনার পরদিন ৪ জনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করেন ওই নারী।

এজাহারে বলা হয়, ওই নারীর স্বামী ও এক ছেলে প্রবাসে থাকেন। আসামিদের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাত ৯টার দিকে কয়েকজন তার ঘরে ঢুকে মোবাইল ফোন কেড়ে নেন এবং জোর করে পাশের বাড়িতে নিয়ে যান।

এতে আরও বলা হয়, এ সময় মুরগি চুরির অভিযোগ তুলে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

মামলার পরদিন পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. লিংকনকে গ্রেপ্তার করে।

অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

Most Popular