জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় গণনা।
এ নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ গণনার কাজ পরিচালনা করছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ৩৪৯ সংসদ সদস্য।
দুপুর ২টায় ভোটগ্রহণ শুরুর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোটদানের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে জানান।
নির্বাচন কমিশনের (ইসি) ২০ জন কর্মকর্তা এমপিদের ভোটদানে সহায়তা ও ব্যালট পেপার সরবরাহ করেন। এমপিরা তিনটি স্বচ্ছ বাক্সে সাদা-কালো ছাপানো ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেন।
সংসদের অধিবেশন কক্ষের নির্ধারিত স্থানে রাখা ব্যালটবাক্সে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভোটগ্রহণ শেষে সিইসি বলেন, টএখন ভোট গণনা পর্ব চলবে। জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের সহায়ক কর্মকর্তারা ভোট গণনা করবেন। এরপর ভোটের ফল ঘোষণা করা হবে।’
সিইসি জানান, ব্যালট গণনা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোট, বাতিল বা নষ্ট ভোটের সংখ্যা এবং সংখ্যাগরিষ্ঠ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে।
