Sunday, July 26, 2026
Homeঅর্থনীতি৭ প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের ১৫ লাখ টাকা জরিমানা

৭ প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের ১৫ লাখ টাকা জরিমানা

ল্যাবরেটরিতে পরীক্ষা, বাধ্যতামূলক মান সনদ বা প্যাকেজিং নিবন্ধন ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করায় সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ রোববার রাজধানীর বসিলা ও হাজারীবাগ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, মান সনদ ও প্যাকেজিং নিবন্ধন ছাড়াই পোলট্রি-মাছের খাদ্য উৎপাদন এবং বাজারজাত করায় এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট ও আফতাব ফিডকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে আফতাব ফিডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোহাম্মদ মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, গত ৯ জুলাই অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় পোলট্রি ও মাছের খাদ্যের ক্ষেত্রে বিএসটিআইয়ের এ ধরনের সনদ বাধ্যতামূলক রাখার বিধান বাতিলের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় থাকায় আমাদের প্রতিষ্ঠান এখনো বিএসটিআইয়ের লাইসেন্স নেয়নি।

এদিকে জরিমানার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি এসিআই গোদরেজ অ্যাগ্রোভেটের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের লিড আরমান তুগনাওয়াত।

বিএসটিআই আরও জানায়, প্রতিটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেড-অ্যাসিড স্টার্টার ব্যাটারি প্রস্তুতকারী জিউজৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে প্রয়োজনীয় বিএসটিআই সনদ ও প্যাকেজিং নিবন্ধন ছাড়া পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রাজধানীর বসিলায় পৃথক অভিযানে আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ এবং স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।

প্রতিষ্ঠিত কোম্পানির নামের সঙ্গে সাদৃশ্য রেখে হ্যান্ডওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন ও বাজারজাত করায় দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

হাজারীবাগে বিএসটিআইয়ের সনদ ছাড়া মিষ্টি, বিস্কুট ও লাচ্ছা সেমাই বিক্রির অভিযোগে প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মিঠাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মিঠাইয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, অভিযানে চিহ্নিত তিনটি পণ্যেরই বৈধ ও হালনাগাদ বিএসটিআই লাইসেন্স রয়েছে। তবে অভিযানের সময় তাৎক্ষণিকভাবে লাইসেন্সগুলো দেখানো যায়নি।

তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লাইসেন্সের কাগজপত্র নিয়ে ঘটনাস্থলে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সময় দেয়নি।

‘পরে প্রতিষ্ঠানের প্রতিনিধি ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরলেও জানানো হয়, চালান ইস্যু হয়ে যাওয়ায় ব্যবস্থা প্রত্যাহারের আর সুযোগ নেই’, বলেন তিনি।

বিএসটিআই সনদ ছাড়া মিষ্টি ও দই উৎপাদন এবং বাজারজাত করায় অপূর্ব আনন্দ জল খাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।

রূপগঞ্জে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, বসিলায় লুৎফুন্নেসা খানম ও হাজারীবাগে মো. মাহবুবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Most Popular