Sunday, July 26, 2026
Homeবাংলাদেশ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভবনে হামলা-ককটেল বিস্ফোরণের অভিযোগ

২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভবনে হামলা-ককটেল বিস্ফোরণের অভিযোগ

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০তলা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

আজ রোববার সকাল ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোড-সংলগ্ন আবাসিক এলাকায় মো. জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জসিম উদ্দিন হাটহাজারী থানার বড় দিঘীরপাড় এলাকায় চাল ও চিনির পাইকারি ব্যবসা করেন। সম্প্রতি তিনি ১০তলা ভবনটির নির্মাণকাজ শুরু করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে মাস্ক পরা প্রায় ১০ জন সশস্ত্র ব্যক্তি টেম্পোতে করে এসে ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের সামনে নামেন। পরে তারা ভবনের ভেতরে ঢুকে শ্রমিকদের মারধর ও দরজা-জানালা ভাঙচুর করে। একপর্যায়ে নির্মাণশ্রমিক হাসান সাকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

ভবনের নিরাপত্তারক্ষীসহ আরও কয়েকজন শ্রমিককেও মারধর করা হয়। পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার ঘটনা দেখা গেছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ব্যবসায়ী জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। শহরে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার ঘটনায় সবাই প্রতিবাদ করার পর তারা কিছুদিন চুপ ছিল। তবে প্রায় এক সপ্তাহ আগে আবার ফোন করে চাঁদা দাবি শুরু করে।

তিনি বলেন, হামলার বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। আমি মামলা করব।

কারা হুমকি দিয়েছে, জানতে চাইলে তিনি বলেন, তাদের পরিচয় আমি জানি না।

 

Most Popular