Wednesday, September 30, 2026
Homeবাংলাদেশ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর দুর্গাপূজায় ২ দিনের ছুটি নির্ধারিত আছে। পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকবে, এরপর আবার ২ দিন সাপ্তাহিক ছুটি।

এসব বিবেচনায় পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে একদিনের কর্মদিবসও ছুটি ঘোষণা সরকারের বিবেচনায় আছে।

অর্থাৎ, সরকার একদিন ছুটি ঘোষণা করলে পূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে এবং ২১ অক্টোবর দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা। পরের দুইদিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে।

বৈঠকে এটি অনুমোদিত হলে একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।

ওই কর্মকর্তা আরও জানান, একইসঙ্গে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে পরে একটি শনিবার ছুটির দিনে অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এভাবেই প্রস্তাব তৈরি করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রিসভা।

অর্থাৎ, ২২ অক্টোবর ছুটি ঘোষণা হলে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন।

Most Popular