Wednesday, September 30, 2026
Homeখেলাকোচের সঙ্গে বিবাদের গুঞ্জন: ‘জরুরি বৈঠক’ শেষে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন রোনালদো

কোচের সঙ্গে বিবাদের গুঞ্জন: ‘জরুরি বৈঠক’ শেষে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন রোনালদো

ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের ঠিক আগের দিন পর্তুগালের ট্রেনিং ক্যাম্প ছাড়ার কথা নিশ্চিত করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিবাদের গুঞ্জনের মাঝেই কোপেনহেগেনে কয়েক ঘণ্টার চরম নাটকীয়তা শেষে বুধবার এমন ঘোষণা দিয়েছেন এই মহাতারকা।

মূল ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামানো হয়নি ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। এরপর সোমবার ও মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি তাকে। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) তার কোনো চোট বা শারীরিক সমস্যার কথাও জানায়নি। ফলে গত জুলাইয়ে কোচের দায়িত্ব নেওয়া জেসুসের সঙ্গে রোনালদোর বিবাদে জড়িয়ে পড়ার গুঞ্জন শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে বুধবার রোনালদো, জেসুস ও এফপিএফের সভাপতি পেদ্রো প্রোয়েনসাকে নিয়ে এক ‘জরুরি বৈঠক’ ডাকা হয়। কিন্তু কাজ হয়নি। বরং প্রোয়েনসার সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন রোনালদো।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা লিখেছেন, ‘জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পর আমি জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘যে জাতীয় দলের জন্য আমি সব সময় নিজেকে উজাড় করে দিয়েছি, তা ছেড়ে যাওয়ার কারণ কী— যথাসময়ে সব পর্তুগিজ নাগরিকের সামনে সেই সত্য তুলে ধরব। আপাতত পর্তুগাল ও আমার সব সতীর্থকে কোনো ভেদাভেদ না রেখেই শুভকামনা জানাচ্ছি।’

নেশন্স লিগের ম্যাচটিকে সামনে রেখে পর্তুগাল দল এখন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থান করছে। এফপিএফের এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে জানিয়েছে, পর্তুগালের অধিনায়ক রোনালদোকে ফিরিয়ে নিতে কোপেনহেগেনের উদ্দেশে উড়ে গেছে তার ব্যক্তিগত বিমান।

নরওয়ের বিপক্ষে ম্যাচটি দিয়ে পর্তুগালের জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারে মাত্র তৃতীয়বারের মতো পুরো সময় বেঞ্চে বসে কাটাতে হয় রোনালদোকে। এর আগে ২০০৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে (নক-আউট নিশ্চিত হওয়ার পর) এবং ২০২৪ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পুরো সময় বেঞ্চে ছিলেন তিনি।

নরওয়ের বিপক্ষে জয়ের পর কোচ জেসুস বলেছিলেন, ‘ক্রিসকে (রোনালদো) নামানোর মতো পরিস্থিতি তখন ছিল না।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র দ্য অ্যাথলেটিককে জানিয়েছে, এক মিনিটের জন্যও মাঠে নামতে না পেরে বেশ ক্ষুব্ধ ছিলেন রোনালদো।

Most Popular