Sunday, November 22, 2026
Homeবাংলাদেশ১ ডিসেম্বর থেকে যেসব শাস্তির মুখে পড়তে পারেন গাড়িচালক-মালিকরা

১ ডিসেম্বর থেকে যেসব শাস্তির মুখে পড়তে পারেন গাড়িচালক-মালিকরা

রাজধানী ঢাকায় সড়কে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে নতুন কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যানবাহন চালক ও মালিকদের এসব নির্দেশনা পালনে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

ট্রাফিক বিভাগের এসব নির্দেশনা না মানলে শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে পুলিশ। আগামী ১ ডিসেম্বর থেকে ডিএমপি অভিযান শুরু করবে। তল্লাশি চৌকিতে বিশেষ নজরদারির আওতায় আসবে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস।

তবে ৩ চাকার হালকা যান, পিকআপ ভ্যান, বাস, মিনিবাস ও ট্রাক নজরদারির বাইরে থাকবে না।

অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও অন্যান্য হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা।

সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর ৮১ নম্বর বিধি অনুযায়ী, কেবল জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি আছে।

এগুলো হলো—অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান ও রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত একই ধরনের যানবাহন।

এ ছাড়া মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস, ট্রাকসহ সব ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক মোটরযানে তীক্ষ্ণ বা উচ্চ শব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক, নিউম্যাটিক, মাল্টিটিউনড বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিধি ৮১ (২) অনুসারে, হর্নের মাধ্যমে উৎপন্ন শব্দের মানমাত্রা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এ নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।

এই বিধি ভাঙলে প্রতিবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রযোজ্য হবে।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এ এলাকাভিত্তিক শব্দের মানমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করে ডিএমপি।

নীরব এলাকায় শব্দের মানমাত্রা দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবল।

এই নিয়মে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সময়কে রাত ও বাকি সময়কে দিন হিসেবে ধরা হয়েছে।

এ ছাড়া, লালমাটিয়া ও ইস্কাটনের মতো আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবল; শঙ্কর ও শ্যামলী মোড়ের মতো মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবল; মতিঝিল ও কাকরাইলের মতো বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবল এবং তেজগাঁওয়ের মতো শিল্প এলাকায় শব্দের মানমাত্রা দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবল।

মোটরযানের ক্ষেত্রে সাইলেন্সার পাইপ থেকে সাড়ে ৭ মিটার দূরত্বে শব্দের সর্বোচ্চ অনুমোদিত মানমাত্রা ৮৫ ডেসিবল। শূন্য দশমিক ৫ মিটার দূরত্বে এই মাত্রা ১০০ ডেসিবল।

হর্নের ক্ষেত্রে শব্দের সর্বোচ্চ অনুমোদিত মানমাত্রা মোটরসাইকেল, ৩ চাকার হালকা যান, প্রাইভেট কার, পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের ক্ষেত্রে ৮৫ ডেসিবল; মিনিবাস, মাঝারি ট্রাক বা কাভার্ড ভ্যানের ক্ষেত্রে ৯০ ডেসিবল; বাস-ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির মতো ভারী যানের ক্ষেত্রে ১০০ ডেসিবল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের (এনআইওএসএইচ) তথ্য অনুসারে, ৮৫ ডেসিবলের ওপরের শব্দ কানের জন্য ক্ষতিকর।

সংস্থাটির গবেষণায় দেখা গেছে, অ্যাম্বুলেন্সের হুটার থেকে উৎপন্ন শব্দের মাত্রা প্রায় ১১০-১২৯ ডেসিবল। হাইড্রোলিক হর্নও শব্দ ছড়ায় ১২০ ডেসিবল পর্যন্ত।

ঢাকার কিছু কিছু এলাকায় হঠাৎ তৈরি হওয়া শব্দের মাত্রা ১৩০ ডেসিবেল পর্যন্ত পৌঁছে যায়—স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজের (ক্যাপস) ২০২৪ সালের গবেষণায় উঠে এসেছে।

এতে আরও দেখা গেছে, সচিবালয়, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তানসহ রাজধানীর প্রধান প্রধান সড়ক ও মোড়গুলোতে শব্দের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। আর এই অতিরিক্ত শব্দের প্রধান উৎস হলো যানবাহনের হর্ন।

গবেষকদের মতে, একটি বন্দুকের গুলি কানের পাশ দিয়ে চলে গেলে কিংবা খুব কাছেই কোনো জেট ইঞ্জিন চালু হলে যেমন কান ফাটানো আওয়াজ পাওয়া যায়, ঠিক তেমন মাত্রার শব্দ তৈরি হচ্ছে ঢাকার কিছু এলাকায়।

গত ২৫ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানায়, ঢাকার ৮২ শতাংশ এলাকায় শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের বেশি। ফার্মগেট, শাহবাগ ও গাবতলীর মতো এলাকায় তা ৮০ থেকে ১১০ ডেসিবেল পর্যন্ত উঠে যায়।

অনুমোদনহীন বিকন লাইটের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করবে ডিএমপি। দেশে সাধারণত তিন ধরনের বিকল লাইটের ব্যবহার দেখা যায়।

অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যানবাহনে লাল রঙের বিকন; পুলিশ, এসআরবি, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী  অন্যান্য বাহিনীর টহল ও জরুরি গাড়িতে লাল-নীল রঙের এবং সড়ক মেরামত কাজে ব্যবহৃত যানবাহন, রেকার, ক্রেন, বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট গাড়ি ও ভারী নির্মাণ যানে হলুদ বা কমলা রঙয়ের বিকন বাতি ব্যবহৃত হয়।

এর বাইরে ব্যক্তিগত বা বাণিজ্যিক মোটরযানে বিকন ব্যবহারের অনুমতি নেই।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৫ ধারায় বলা আছে, কোনো মোটরযান চালক নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত বা উচ্চমাত্রার কোনো শব্দ সৃষ্টি করতে পারবেন না। এর ৮৮ ধারা অনুযায়ী, কেউ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

নিয়মের বাইরে গিয়ে কেউ যানবাহনে অনুমোদনহীন হর্ন বা বিকন বাতি সংযোজনের মতো কারিগরি পরিবর্তনের অপরাধে অন্যূন ১ বছর থেকে অনধিক ৩ বছরের কারাদণ্ড, অনধিক ৩ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

অভিযান প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘সড়কে শৃঙ্খলা ও শব্দদূষণ কমিয়ে আনার জন্য ডিএমপি এ পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি অবৈধ বিকন বাতির ব্যবহার রাস্তায় চলাচলকারী অন্যান্যদের দ্বিধায় ফেলে। এসব সমস্যা দূর করে নগরবাসীকে স্বস্তি দিতেই ডিএমপি এ অভিযান পরিচালনা করবে।’

বর্তমানে রাজধানীর বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোতে তীব্র শব্দের ডিজিটাল ম্যালোডিয়াস হর্ন এবং অননুমোদিত উচ্চ প্রখরতার এলইডি প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬ প্রণয়নের মধ্য দিয়ে এগুলো শৃঙ্খলার আওতায় আনা হবে। দেওয়া হবে রুট পারমিট ও ফিটনেস সনদ।

তবে বিধিমালার ৮ নম্বর বিধিতে হর্নের সর্বোচ্চ সীমা ৪০ ডেসিবল নির্ধারিত করা হলেও হেডলাইট সংক্রান্ত কোনো বিধান অন্তর্ভুক্ত করা হয়নি।

অটোরিকশায় উচ্চমাত্রার হর্ন ও প্রখর হেডলাইট ব্যবহার বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার আনিছুর বলেন, ‘অটোরিকশা সংক্রান্ত বিধিমালা ও লাইসেন্সিং প্রক্রিয়া চলমান আছে। ওই প্রক্রিয়া শেষ হলে আমরা এগুলো নিয়ে সিদ্ধান্তে যাব। এর আগ পর্যন্ত ট্রাফিক অনুমোদনহীন হর্ন বা লাইট বন্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, সবার জন্য একটি নিরাপদ ও শব্দ দূষণমুক্ত সড়ক নিশ্চিত করাই সড়ক পরিবহন সংশ্লিষ্ট এসব আইন ও বিধিমালার উদ্দেশ্য। এ ক্ষেত্রে সরকারি সংস্থা ও দপ্তরের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি।

এ ব্যাপারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ দ্য ডেইলি স্টারকে জানান, দীর্ঘ সময় এমন শব্দের মধ্যে বসবাসকারী ব্যক্তি, বিশেষ করে ট্রাফিক পুলিশ সদস্যরা শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।

চিকিৎসকদের মতে, এমন উচ্চ মাত্রার শব্দে হৃদরোগ, মেজাজ খিটখিটে হওয়া ও শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্ন হতে পারে। বেশি ঝুঁকিতে থাকে শিশুরা, বলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. মাহবুবুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মাহজাবিন হক বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘বারবার তীব্র হর্নের শব্দে শিশুদের মনোযোগ নষ্ট হয়। আর একবার মনোযোগ নষ্ট হলে আবার একই কাজে মন বসানো শিশুদের জন্য কঠিন।’

গত মঙ্গলবার এক বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ১ ডিসেম্বরের আগেই হুটার, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট এবং অনুমোদনহীন সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম খুলে ফেলার আহ্বান জানিয়েছেন।

Most Popular