Sunday, November 22, 2026
Homeবাংলাদেশফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সঙ্গে সংঘর্ষে যুবদলের ৪ কর্মী আহত

ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সঙ্গে সংঘর্ষে যুবদলের ৪ কর্মী আহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সঙ্গে সংঘর্ষে যুবদলের চার কর্মী আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কেফায়েত নগর এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। গতকাল জুমার নামাজের পর যুবলীগের কর্মীরা উপজেলার নানুপুর বাজারে মিছিল বের করেন। এর প্রতিবাদে আজ বিকেলে কেফায়েত নগরে মিছিল করার জন্য জড়ো হন যুবদলের কর্মীরা। এ সময় তারা যুবলীগের কর্মী রেজাউল করিমের বাড়িতে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, এ সময় যুবলীগের কর্মীরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তারা পাল্টা হামলা চালান।

তিনি বলেন, এ ঘটনায় যুবদলের চার কর্মী আহত হয়েছেন। তাদের দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

তবে বিএনপির ফটিকছড়ি উপজেলার সদস্য সচিব জহির আজম চৌধুরী বলেন, যুবলীগের কর্মীরা বিনা উসকানিতে যুবদলের মিছিলে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে চার-পাঁচজন আহত হন। এছাড়া কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে নাজিম উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। লাঠি ও লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে।

এ বিষয়ে জানতে যুবলীগের একাধিক নেতাকে ফোন করা হলেও কেউ ধরেননি। খুদেবার্তা পাঠানো হলেও জবাব দেননি।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Most Popular