Saturday, November 21, 2026
Homeখেলাহাসান ইতিহাস গড়ার পর বাংলাদেশের ৩ উইকেট হারানোর অস্বস্তি

হাসান ইতিহাস গড়ার পর বাংলাদেশের ৩ উইকেট হারানোর অস্বস্তি

ছন্দে থাকা পেসার হাসান মাহমুদ ৬ উইকেট শিকার করে রেকর্ডগড়া পারফরম্যান্স উপহার দিলেন। তবুও লেজের দিকের ব্যাটারদের দৃঢ়তায় সাড়ে তিনশ ছাড়িয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ। জবাব দিতে নেমে দ্রুত ৩ উইকেট হারানোর অস্বস্তি নিয়ে দিনের খেলা শেষ করল বাংলাদেশ।

শুক্রবার সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে কিছুটা চাপে আছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে তাদের রান ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮। এর আগে ক্যারিবিয়ানরা অলআউট হয় ৩৫৬ রান তুলে, যা এই ভেন্যুতে প্রথম ইনিংসে কোনো দলের সর্বোচ্চ পুঁজি।

৫১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশকে টেনে তোলার চেষ্টায় আছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। দেখেশুনে খেলতে থাকলেও দুজনই অবশ্য একবার করে আউট হওয়ার শঙ্কা থেকে বেঁচে গেছেন। হৃদয় ৮০ বলে দুটি চারে ২৯ এবং মুশফিক ৫৬ বলে দুটি চারে ১৯ রানে অপরাজিত আছেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ৩৭ রান এসেছে ১০৪ বলে। আলোকস্বল্পতায় ১৯ ওভার বাকি থাকতেই দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।

Most Popular