হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৩ মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের অন্তর (২৫), বানিয়াচং উপজেলার তানভীর ও আবিদুল লস্কর (৩২)।
আহতরা হলেন—চুনারুঘাট উপজেলার সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও মিজান মিয়া (২৭)।
ওসি আকবর হোসেন বলেন, ‘দ্রুতগতির ৩টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ৪ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’
আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট পাঠানো হয়েছে বলে জানান তিনি।
