জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন ও বিতর্কিত রাজনৈতিক ভূমিকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নিজকক্ষ থেকে অধ্যাপক আইনুল ইসলামকে বের করে দেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশক্তির নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে অধ্যাপক ড. আইনুল ইসলামকে সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে গত ১২ জুলাই তিনি ডিন হিসেবে যোগদান করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালে আওয়ামীপন্থী শিক্ষকদের কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ৩ আগস্ট গণভবনে অনুষ্ঠিত একাধিক বৈঠকে অংশ নেন আইনুল ইসলাম। ওই বৈঠকে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আন্দোলন মোকাবিলার বিষয়েও আলোচনা করেন। এর পরদিন, ৪ আগস্ট তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নীল দলের ব্যানারে একটি মানববন্ধন করেন।
এ বিষয়ে জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। তবে মূল দোষীদের বিচার না করে যেন কোনো নিরপরাধ শিক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসানো না হয়।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন পর্যন্ত কোনো তদন্ত বা দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখিনি। জকসুর পক্ষ থেকে বারবার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও প্রশাসন সাড়া দেয়নি। যেসব শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট করতে হবে।
জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ ডেইলি স্টারকে বলেন, জুলাইবিরোধী একজন শিক্ষক কীভাবে বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে নিয়োগ পান, সেটিই আমাদের প্রশ্ন। বারবার বিচার দাবি জানানো হলেও তার কোনো সুরাহা হয়নি, বরং তাকে পুরস্কৃত করা হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাকে ক্যাম্পাসে থাকতে দেব না। এর আগেও তাকে ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি যাননি।
জানতে চাইলে অধ্যাপক ড. আইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুরে কয়েকজন শিক্ষার্থী আমার কক্ষে এসে আমাকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলেন। তাদের অভিযোগ, আমি আওয়ামী লীগের দোসর। আমি তাদের বলেছি, গত দুই বছর ধরে তোমরা আমার বিরুদ্ধে এ অভিযোগ করে আসছ, অথচ এর কোনো ভিত্তি নেই। এরপর তারা জোর করে আমাকে কক্ষ থেকে বের করে দিতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা এসে আমাকে সেখান থেকে নিয়ে যান।
তিনি বলেন, আমি গত ১২ জুলাই ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এরপর থেকেই বিষয়টি আরও প্রকট হয়ে উঠেছে।
‘এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে কোনো আনুষ্ঠানিক আশ্বাস দেয়নি বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও কিছু জানায়নি। বিষয়টি আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি। সময় নিয়ে লিখিতভাবেও জানাব’, বলেন অধ্যাপক আইনুল।
প্রসঙ্গত, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও নীল দলের সভাপতি ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১১ আগস্ট তিনি পদত্যাগ করেন।
