প্রায় চৌদ্দশত মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালগালিচাসহ দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন বলে মনে করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন রকম তৎপরতা চালানোর অপচেষ্টা করছে। তাদের চিরাচরিত স্বভাব আগুন সন্ত্রাস চালানো। তারা সেই সন্ত্রাসী কায়দায় কার্যক্রম পরিচালনা করছে।’
‘ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকা’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ মঙ্গলবার দুপুরে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ইয়াসের খান বলেন, ‘জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় চৌদ্দশত মানুষকে হত্যা করে যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাকে প্রত্যর্পণ চুক্তির আওতাতেই বাংলাদেশে ফেরত আসতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় ঘোষণা করা হয়েছে, সেই রায় কার্যকর করা হবে।’
তিনি বলেন, ‘কেউ যদি দিবাস্বপ্ন দেখে, চৌদ্দশত মানুষকে হত্যাকারীকে লালগালিচা সংবর্ধনা দিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে ফেরত আনা হবে, সে বোকার স্বর্গে বাস করছে। বাংলাদেশের প্রচলিত আইনকে সবার শ্রদ্ধা করতে হবে। একইসঙ্গে, বাংলাদেশও অন্য দেশের আইনকে শ্রদ্ধার চোখে দেখে।’
সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদ যাতে ফেরত আসতে না পারে, তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকরা ছাত্র-জনতার আন্দোলনে যেভাবে অবদান রেখেছেন, সেই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।’
‘একইসঙ্গে এ দেশের মানুষ তাদের যে ভোটাধিকার ফেরত পেয়েছেন, তা যেন অটুট থাকে সেই লক্ষ্যে আপনারা ভবিষ্যতে কাজ করবেন বলে অনুরোধ জানাই’, যোগ করেন তিনি।
এ সময় ময়মনসিংহ এলাকার বিভিন্ন উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণেও কাজ করছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ম. হামিদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহের সংসদ সদস্যদের মধ্যে জাকির হোসেন বাবলু, লুতফুল্লাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও অধ্যক্ষ কামরুল হাসান মিলনসহ বৃহত্তর ময়মনসিংহের সাংবাদিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
