ড্রিবলিং করে প্রতিপক্ষকে পরাস্ত করাই নেইমারের বড় শক্তি। কিন্তু সেই দক্ষতাই যেন এখন তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিপক্ষের ফুটবলাররা বারবার ফাউল করলেও রেফারি বাঁশি বাজাচ্ছেন না বলে অভিযোগ ব্রাজিলিয়ান তারকার।
গ্রেমিওর বিপক্ষে ঘরের মাঠে হারের পর তাই ক্ষোভ আর চেপে রাখতে পারলেন না। প্রথমার্ধেই দশবারের বেশি ফাউলের শিকার হয়েছেন দাবি করে রেফারির উদ্দেশে নেইমারের প্রশ্ন, ‘আর কত দিন এভাবে চলবে? আমার পা ভাঙা পর্যন্ত?’
সোমবার ব্রাজিলিয়ান সিরি ‘আ’র ম্যাচে নিজেদের মাঠে গ্রেমিওর কাছে ২-০ গোলে হেরেছে সান্তোস। সাও পাওলোর মোরুম্বিস স্টেডিয়ামে হওয়া ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন নেইমার। কিন্তু একের পর এক ভুলে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ম্যাচ শেষে হতাশা প্রকাশের পাশাপাশি রেফারির কড়া সমালোচনা করেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।
বিশেষ করে প্রতিপক্ষের ফুটবলারদের ফাউলের পরও রেফারি রামন আবাত্তি আবেলের সিদ্ধান্তগুলো কিছুতেই মেনে নিতে পারছেন না নেইমার, ‘আমার মনে হয়, রেফারি নিজের ইচ্ছামতো সবকিছু করেছেন। প্রথমার্ধেই, যদি ভুল না করে থাকি, দশবারের বেশি ফাউলের শিকার হয়েছি। এটা মেনে নেওয়া যায় না। জানি না, আর কত দিন এমন চলবে। আমার পা ভাঙা পর্যন্ত?’
রেফারির বিরুদ্ধে অভিযোগের ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আমি ড্রিবলিং করে এগিয়ে যাচ্ছি, প্রতিপক্ষ আমাকে টেনে ধরছে, আঘাত করছে, অথচ ফাউল দেওয়া হচ্ছে না। শুধু আমি দক্ষ ফুটবলার এবং প্রতিপক্ষকে কাটিয়ে যেতে পারি বলেই রেফারি অ্যাডভান্টেজ দিয়ে খেলা চালিয়ে যেতে দেন। কিন্তু সব সময়? কখনো তো বাঁশি বাজাতে হবে!’
গ্রেমিওর খেলোয়াড়দের যথাযথ শাস্তি না দেওয়ার অভিযোগও করেছেন নেইমার। বিশেষ করে বারবার ফাউল করার পরও হলুদ কার্ড না দেখানোয় ক্ষুব্ধ তিনি, ‘রেফারি ওরা যা চেয়েছে, সেটাই করেছেন। হলুদ কার্ড দেখাননি। আবাত্তি আজ খুব খারাপ রেফারিং করেছেন। এতে আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তবে হারের সব দায় রেফারির ওপর চাপিয়ে দেননি নেইমার। বরং নিজেদের ভুলে প্রতিপক্ষকে গোল করার সুযোগ দেওয়ার কথাও স্বীকার করেছেন তিনি, ‘আমরা ভুল করেছি। ম্যাচে তিনটি ভুল করেছিলাম, ওরা সেই সুযোগগুলো কাজে লাগিয়েছে। আমরা জানতাম, ওদের পরিকল্পনা কী। তারপরও আমরা ওদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছি। এতে ম্যাচটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে।’
গ্রেমিওর বিপক্ষে জয়টাই প্রত্যাশা করেছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড, ‘অবশ্যই আমরা আজ গ্রেমিওর কাছে হারব বলে ভাবিনি। বরং উল্টোটাই ভেবেছিলাম। আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম, গোল পাওয়ার মতো খেলেছি। কিন্তু কিছুদিন এমন যায়, যখন বল কিছুতেই জালে ঢুকতে চায় না।’
ম্যাচের শেষ দিকে গ্রেমিওর হয়ে পেনাল্টি থেকে গোল করেন মার্টিন ব্র্যাথওয়েট। সেই পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। ভিএআরের পরামর্শে রিপ্লে দেখেও সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। ম্যাচ শেষে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড ব্র্যাথওয়েটের সঙ্গেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নেইমারের। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ব্র্যাথওয়েটের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানান সান্তোস তারকা।
