Saturday, November 21, 2026
Homeবিদেশশেয়ারবাজারে এসেই যে রেকর্ড গড়ল অ্যানথ্রপিক

শেয়ারবাজারে এসেই যে রেকর্ড গড়ল অ্যানথ্রপিক

শেয়ারবাজারে প্রথম পা রেখেই ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) রেকর্ড গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।

ক্লড চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠানটি প্রত্যাশার চেয়ে বেশি শেয়ার বিক্রি করে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে ‘এএনটি’ নামে অ্যানথ্রপিকের শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এআই খাতের ব্যবসা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তহবিল সংগ্রহ নিয়ে বাজারে যে উদ্বেগ ছিল, এই বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে তা অনেকটাই কেটেছে।

শীর্ষস্থানীয় এআই মডেল নির্মাতাদের মধ্যে অ্যানথ্রপিকই প্রথম শেয়ারবাজারে তালিকাভুক্ত হলো। বুধবার প্রতিষ্ঠানটি প্রতিটি শেয়ারের দাম ঠিক করেছে ৮৩ ডলার। শুরুতে দাম ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে রাখার কথা থাকলেও বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার কারণে তা বাড়ানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যানথ্রপিক বিক্রির জন্য নির্ধারিত শেয়ারের সংখ্যা প্রায় ১৯ শতাংশ বাড়িয়ে ৯৮ কোটিতে উন্নীত করে। এর মধ্য দিয়ে গত জুনে ইলন মাস্কের স্পেসএক্সের গড়া আগের সবচেয়ে বড় আইপিওর রেকর্ড ভেঙে দিয়েছে তারা।

নথিপত্র অনুযায়ী, সাধারণ শেয়ার বিক্রির পাশাপাশি সরাসরি নির্বাচিত বড় বিনিয়োগকারীদের কাছে আইপিও দরে শেয়ার বিক্রি (প্রাইভেট প্লেসমেন্ট) করে আরও ২৬ বিলিয়ন ডলার তুলছে অ্যানথ্রপিক। সব মিলিয়ে পুরো তহবিল সংগ্রহের অঙ্ক দাঁড়িয়েছে ১০৭ দশমিক ৩ বিলিয়ন ডলার।

এমন এক সময়ে অ্যানথ্রপিক শেয়ারবাজারে আসছে, যখন এআই খাতের শেয়ারের জন্য সময়টা বেশ চ্যালেঞ্জিং। সাম্প্রতিক সপ্তাহগুলোতে চিপ নির্মাতা ও ক্লাউড কোম্পানিগুলো প্রকৃত বাজারমূল্য নিয়ে সংশয়, অবকাঠামো খরচ বেড়ে যাওয়া এবং এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের আকস্মিক বিদায়ের কারণে চাপে পড়েছে।

একইসঙ্গে বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকায় অ্যানথ্রপিক নিজেদের দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অ্যানথ্রপিকের আইপিওর তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিবাচক সাড়া পড়লেও এআই ব্যবসা নিয়ে সার্বিক উদ্বেগের কারণে এশিয়ার প্রযুক্তি খাতের শেয়ারগুলো চাপে রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, অ্যানথ্রপিকের এই শক্তিশালী শুরু শেয়ারবাজারে আসার অপেক্ষায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোরও আত্মবিশ্বাস বাড়াবে। প্রতিষ্ঠানটির প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআই আগামী বছরের শুরুতেই শেয়ারবাজারে আসার উদ্যোগ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, সফটওয়্যার নির্মাতাদের কাছে জনপ্রিয় কোডিং টুল ক্লড কোডসহ ক্লড মডেলগুলোর ব্যাপক চাহিদার কারণে অ্যানথ্রপিকের আয় দ্রুত বাড়ছে।

আইপিওর নথিপত্র বলছে, চলতি বছর ৩১ অক্টোবর পর্যন্ত আয়ের গতি হিসাব করলে অ্যানথ্রপিকের বার্ষিক আয় দাঁড়াতে পারে ৮১ বিলিয়ন ডলারে, যা ৩০ সেপ্টেম্বরের তুলনায় ১০ বিলিয়ন ডলার বেশি।

এর আগের ১২ মাসে যেসব গ্রাহকের কাছ থেকে অ্যানথ্রপিকের বার্ষিক আয় অন্তত এক লাখ ডলার, তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯০০। গত বছরের শেষে এ সংখ্যা ছিল দেড় হাজারের কিছু বেশি।

তবে এই ব্যবসা বড় করা ও ধরে রাখা বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে সার্ভার, ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামো খাতে প্রায় ৯ বিলিয়ন ডলার খরচ করেছে অ্যানথ্রপিক, যা আগের বছরের একই সময়ের প্রায় চার গুণ।

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ খাতে আরও ৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এতে কম্পিউটিংয়ের পেছনে প্রতি ডলার খরচের বিপরীতে আয় আগের চেয়ে কিছুটা কমে গেছে।

জুলাই-সেপ্টেম্বর সময়ে আগের তিন মাসের তুলনায় অ্যানথ্রপিকের আয় ৪৭ শতাংশ বেড়ে ১৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আগের তিন মাসে মূল ব্যবসা থেকে ৯৭ কোটি ৪০ লাখ ডলার লাভ হলেও, তৃতীয় প্রান্তিকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার লোকসান হয়েছে।

এআই মডেল তৈরি ও চালানোর জন্য অ্যামাজন ও গুগলের মতো প্রযুক্তি অংশীদারদের সঙ্গে প্রায় ৯০০ বিলিয়ন ডলারের কম্পিউটিং সেবার চুক্তি করেছে অ্যানথ্রপিক।

ব্যবসায়িক মুনাফা আর এআইয়ের নিরাপত্তা, এই দুইয়ের মধ্যে অ্যানথ্রপিক কীভাবে ভারসাম্য রাখবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই নিজেই আরও শক্তিশালী এআই মডেল তৈরি ও বাজারে আনার গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তার আশঙ্কা, এআই যেভাবে দ্রুত এগোচ্ছে, সমাজ হয়তো এর ঝুঁকি সামাল দিতে পারবে না।

আইপিও নথিতেও অ্যানথ্রপিক স্বীকার করেছে, আরও উন্নত মডেল তৈরি ও এর ব্যবহার বাড়তে থাকায় সেগুলোর মাধ্যমে ক্ষতির ঝুঁকিও বাড়তে পারে।

এর পাশাপাশি করপোরেট গ্রাহকদের বাজারে শীর্ষ অবস্থান ধরে রাখতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

ব্যবসায়িক ব্যয় হিসাবকারী প্ল্যাটফর্ম র‍্যাম্পের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে করপোরেট খাতের এআই ব্যয়ের প্রায় ১৩ শতাংশ ছিল ওপেনএআইয়ের জিপিটি-৬ অ্যাস্ট্রার দখলে। বিপরীতে অ্যানথ্রপিকের ক্লড ফেবলের দখলে ছিল প্রায় ৮ শতাংশ।

রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যানথ্রপিকের অন্যতম বড় গ্রাহক মেটাও নিজেদের ভেতরেই এআই প্রযুক্তি গড়ে তুলে অ্যানথ্রপিকের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে।

আইপিওর আগে অ্যানথ্রপিকে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বেইলি গিফোর্ড। প্রতিষ্ঠানটির প্রাইভেট কোম্পানিজ বিভাগের প্রধান পিটার সিঙ্গেলহার্স্ট রয়টার্সকে বলেন, এআই খাতের সবচেয়ে বড় মুনাফা শেষ পর্যন্ত তাদেরই হবে, যারা প্রযুক্তিতে সবার চেয়ে এগিয়ে থাকবে।

তাদের বিশ্বাস, অ্যানথ্রপিকের সেই সক্ষমতা আছে। এর কোনো নিশ্চয়তা না থাকলেও, প্রযুক্তির দৌড়ে শীর্ষে টিকে থাকার ক্ষেত্রে অ্যানথ্রপিকের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি।

Most Popular