ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশের ৮৪টি মিশনের যেখানেই যাবেন, সেখানেই গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না।’
‘এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে উনার নেতাকর্মীরা, উনি তো উনার নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন, খামোখা এখন যারা সাধারণ আওয়ামী লীগ কর্মী আছে, নেতা আছে তাদেরকে বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছেন,’ বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই পরিষ্কার, সরকারের অবস্থান খুবই পরিষ্কার যে উনি আসলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।’
এর আগে একটি ল’ ফার্মের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট ও সংশ্লিষ্ট নথি চেয়েছিলেন শেখ হাসিনা। তারা সেই আবেদনের জবাব পাননি জানিয়ে বাংলাদেশ হাইকমিশনে আরেকটি চিঠি দিয়েছে—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের বাহাত্তরের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট, এনআইডি বা অন্য কিছু দিতে বাধ্য না। এটা সংবিধানে ইতোমধ্যে আছে। এটার ব্যত্যয় ঘটবে না, সেই জায়গায় আমরা আছি।’
‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গা বাংলাদেশ টেরিটরি বিবেচনা করা হয়—যেখানেই যাবেন, সেখানেই গ্রেপ্তার হবেন,’ গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের জবাবে বলেন তিনি।
