Friday, August 21, 2026
Homeখেলারেনশই একমাত্র পরিবর্তন, চার পেসার নয় অস্ট্রেলিয়ার একাদশে লায়ন

রেনশই একমাত্র পরিবর্তন, চার পেসার নয় অস্ট্রেলিয়ার একাদশে লায়ন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। চার পেসার খেলাবেন, নাকি নাথান লায়নকে রেখে একাদশ সাজাবেন, সেটিই ছিল মূল প্রশ্ন। শেষ পর্যন্ত অপেক্ষাটা দীর্ঘ হয়নি। কামিন্সের মন্তব্যের কয়েক মিনিটের মধ্যেই একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শনিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একমাত্র পরিবর্তন ম্যাথু রেনশ। জেক ওয়েদারাল্ডের জায়গায় দলে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার। একাদশে জায়গা ধরে রেখেছেন লায়নও।

এর আগে কামিন্স বলেছিলেন, ‘চার পেসার খেলাব, নাকি একজন স্পিনার রাখব, সেটা দেখার জন্য আরেকটা দিন অপেক্ষা করতে চেয়েছিলাম।’ কিন্তু মাঠের পাশেই নির্বাচকদের বৈঠক শেষে দ্রুতই নিশ্চিত হয়, লায়নই থাকছেন।

এর ফলে ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারা ম্যাচের বোলিং আক্রমণেও কোনো পরিবর্তন আসেনি। কামিন্সের সঙ্গে পেস আক্রমণে থাকছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড, আর স্পিন বিভাগ সামলাবেন লায়ন।

ফিট লায়নকে লাল বলের টেস্টে একাদশের বাইরে রাখার ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেটে খুবই বিরল। সর্বশেষ ১৪ বছর আগে পার্থের ওয়াকা গ্রাউন্ডে এমনটা হয়েছিল। এবারও শেষ পর্যন্ত সেই ঝুঁকি নেয়নি অস্ট্রেলিয়া।

অন্যদিকে ২০২৩ সালের পর প্রথমবার টেস্ট ক্রিকেটে ফিরছেন রেনশ। ২৯ বছর বয়সী এই ব্যাটার ওয়েদারাল্ডের জায়গায় ওপেন করবেন। ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২০ বছর বয়সেই ওপেনার হিসেবে সেঞ্চুরি করেছিলেন তিনি। ম্যাকাইতেই প্রথম শ্রেণির ক্রিকেটে তার দুটি সেঞ্চুরি রয়েছে, যা ঘরের মাঠে ফেরার আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে।

দীর্ঘদিন রানখরায় থাকা মার্নাস লাবুশেনকেও তিন নম্বরে রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের পারফরম্যান্স নিয়ে কামিন্স অবশ্য হতাশা লুকাননি। তবে প্রতিপক্ষের কৃতিত্বও স্বীকার করেছেন অজি অধিনায়ক, ‘আমরা আমাদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। তবে বাংলাদেশ খুব ভালো খেলেছে। তারা সত্যিই ভালো একটি দল।’

ম্যাকাইতে প্রথমবারের মতো টেস্ট হওয়ায় পিচের আচরণ নিয়েও ছিল অস্ট্রেলিয়ার চিন্তা। দুই বছর আগে একই মাঠে অস্ট্রেলিয়া ‘এ’ ও ভারত ‘এ’-এর ম্যাচের তথ্যও খতিয়ে দেখেছে তারা। সেই ম্যাচে সময় গড়ানোর সঙ্গে ব্যাটিং সহজ হয়েছিল বলে জানিয়েছেন কামিন্স। তবে এবার আবহাওয়া তুলনামূলক ঠান্ডা হওয়ায় উইকেটে আর্দ্রতা বেশি সময় থাকতে পারে বলে মনে করছেন কিউরেটর পিটার কাজাকফ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
 

Most Popular