Friday, August 21, 2026
Homeখেলাবিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেল নতুন কোচ

বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেল নতুন কোচ

২০২৬ বিশ্বকাপে চমক জাগানো দল কেপ ভার্দে বেছে নিল নতুন কোচ। বুবিস্তার বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হলেন ৫১ বছর বয়সী উম্বার্তো বেতেনকুর। তিনি গত ছয় বছর ধরে আফ্রিকার দেশটির সহকারী কোচের দায়িত্বে ছিলেন।

বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার সাফল্যের পর কেপ ভার্দের প্রধান কোচের পদ ছেড়ে দেন বুবিস্তা। এবার দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে বেতেনকুরের কাঁধে। তবে নিয়োগ দেওয়ার সময় তার চুক্তি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

গত জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ৪৮ দলের বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্দের। বুবিস্তার অধীনে দারুণ পারফরম্যান্সে টুর্নামেন্টে সাড়া ফেলেছিল তারা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি দলটি কাঁপিয়ে দিয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও উরুগুয়েকে।

স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে গড়া ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়েছিল কেপ ভার্দে। স্পেন ও সৌদির সঙ্গে গোলশূন্য ড্রয়ের মাঝে তারা ২-২ গোলে রুখে দিয়েছিল উরুগুয়েকে। তাদের স্বপ্নময় যাত্রা শেষ বত্রিশে থামলেও প্রতিপক্ষ ও ভক্তদের সমীহ আদায় করে তারা।

নকআউটে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল কেপ ভার্দে। অতিরিক্ত সময়ে গড়ানো সেই রোমাঞ্চকর লড়াইয়ে শেষমেশ ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘটে তাদের। তবে অভিষেকে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ফুটবলপ্রেমীদের হৃদয়ে পাকা আসন গড়ে নিয়েছে তারা।

কেপ ভার্দের সঙ্গে সম্পর্কের ইতি টানা বুবিস্তা অবশ্য বিরতি নিচ্ছেন না। নতুন চ্যালেঞ্জ খুঁজে নিয়েছেন এই ৫৬ বছর বয়সী কোচ। মরক্কোর ক্লাব আরএস বেরকানের সঙ্গে চুক্তি করেছেন তিনি। দলটি গত মৌসুমে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছিল।

বিশ্বকাপের সুখস্মৃতি নিয়ে কেপ ভার্দে সামনে নামবে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে। আগামী ২৩ সেপ্টেম্বর মালির মাঠে খেলার চারদিন পর নিজেদের মাঠে তারা মুখোমুখি হবে রুয়ান্ডার। গ্রুপের অন্য দল লাইবেরিয়া।

Most Popular