Saturday, July 25, 2026
Homeখেলারদ্রিকে নিয়ে নতুন মোড়, রিয়ালের দৌড়ে হঠাৎ পিএসজি

রদ্রিকে নিয়ে নতুন মোড়, রিয়ালের দৌড়ে হঠাৎ পিএসজি

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রিকে দলে ভেড়ানোর লড়াইয়ে নতুন মোড় এসেছে। এতদিন ধারণা করা হচ্ছিল, ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। এখন শুধু ম্যানচেস্টার সিটির সঙ্গে দুই ক্লাবের চুক্তি বাকি। তবে ঠিক সেই সময়ই দৌড়ে নেমেছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত জানিয়েছে, রদ্রির বর্তমান পরিস্থিতি জানতে ইতোমধ্যে ম্যানচেস্টার সিটির সঙ্গে যোগাযোগ করেছে পিএসজি। যদিও এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি, তবে ইংলিশ ক্লাবকে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।

রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে বড় সুযোগ হিসেবে দেখছে পিএসজি। আরএমসি স্পোর্তের দাবি, চলতি মৌসুমে নতুন মিডফিল্ডার কেনার পরিকল্পনা না থাকলেও রদ্রিকে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বার্সেলোনাও স্প্যানিশ এই মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

তবে সবকিছুর পরও রিয়াল মাদ্রিদই এখনও সবচেয়ে এগিয়ে রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, রদ্রি ব্যক্তিগতভাবে রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন এবং তার প্রথম পছন্দও স্প্যানিশ জায়ান্টরাই।

মূল প্রশ্ন একটাই, ম্যানচেস্টার সিটি কি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে ছাড়তে রাজি হবে, নাকি রিয়াল মাদ্রিদ ও পিএসজির আগ্রহ সত্ত্বেও রদ্রিকে ধরে রাখার চেষ্টা করবে? এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তির খবর পাওয়া যায়নি।

Most Popular