Saturday, July 25, 2026
Homeবাংলাদেশধানমন্ডিতে পরিত্যক্ত ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধানমন্ডিতে পরিত্যক্ত ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত ‘সুধা সদন’ নামক বাড়িটি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) অহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শাকিল (২২) হাজারীবাগের রায়েরবাজার এলাকায় থাকতেন বলে জানা গেছে।

এসআই অহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ধানমন্ডি ৫ নম্বর রোডে পরিত্যক্ত সুধা সদন বাড়িটির দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে। তার শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে মৃতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ভবঘুরে জীবনযাপন করতেন। শুক্রবার রাতে যেকোনো সময় ওই বাড়িতে গিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Most Popular