Saturday, November 28, 2026
Homeবাংলাদেশরংপুরে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

রংপুরে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

রংপুর নগরীর একটি বাড়ি থেকে নিখোঁজ ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার রাতে নগরীর ভগিবালাপাড়া এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফুল হক (৩৪) ওই এলাকার লিটন মিয়ার ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন শাহিন ইসলাম (৩২) ও রাশেদুল ইসলাম রাসেল (৩৬)।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, আরিফুলের সঙ্গে একই এলাকার বাসিন্দা শাহিনের বন্ধুত্ব ছিল। তবে মাদক ও অনলাইন জুয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

গত সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন আরিফুল। এরপর তার বাবা লিটন মিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে আরিফুলের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। বুধবার রাতে শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে কম্বলে মোড়ানো অবস্থায় আরিফুলের মরদেহ পাওয়া যায়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ জানায়, মাথায় আঘাত করার পর তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

আরিফুলের বাবা লিটন মিয়া বলেন, সোমবার সন্ধ্যায় অটোরিকশাটি বাড়িতে রেখে তার ছেলে বাইরে যায়। শাহিনের সঙ্গে আরিফুলের বিরোধের বিষয়টি তারা জানতেন। পরে পুলিশের কাছে সন্দেহের কথা জানানোর পর পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি অভিযোগ করেন, তার ছেলেকে হত্যার পর শাহিন ও রাসেল মরদেহ সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন। হত্যার পর পরিবারের সদস্যদের বিভ্রান্ত করতে শাহিন আরিফুলের মোবাইল ফোন থেকে তাদের কাছে বার্তা পাঠিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

ওসি ওয়াদুদ আলম বলেন, বুধবার রাতে মরদেহ উদ্ধারের পর শাহিন ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরিফুলের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Most Popular