Tuesday, June 16, 2026
Homeখেলাযুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচের পরই মেক্সিকোয় ফিরতে বাধ্য হলো ‘নিপীড়িত’ ইরান

যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচের পরই মেক্সিকোয় ফিরতে বাধ্য হলো ‘নিপীড়িত’ ইরান

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার পরপরই যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয়েছে ইরানের জাতীয় ফুটবল দলকে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলের প্রধান কোচ আমির গালেনোয়ি ইরানকে এই বিশ্বকাপের সবচেয়ে ‘নিপীড়িত’ দল বলে অভিহিত করেছেন।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসিকে গালেনোয়ি বলেন, ‘গতকাল সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে) লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর মাঠে শেষ বাঁশি বাজতেই আমাদের জানানো হয়, এখনই মেক্সিকোর তিহুয়ানার অনুশীলন ক্যাম্পে ফিরে যেতে হবে।’

তিনি বলেন, ‘কথা ছিল ম্যাচ শেষে ওই রাতে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করে পরদিন এখানেই অনুশীলন করব আমরা।’

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের পুরো সময় ইরানি দলের ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। তবে ভিসা ও অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে মে মাসের শেষ দিকে দলটির ক্যাম্প সরিয়ে নেওয়া হয় মেক্সিকোর তিহুয়ানায়।

নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ শেষ হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরান দলের ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন।

ইরানি কোচ গালেনোয়ি বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই তারা আমাদের (মেক্সিকো) ফিরতে বাধ্য করছে। সত্যি বলতে আমরা এখনো জানি না কেন আমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি খুবই অদ্ভুত। মনে হচ্ছে অন্য কেউ আমাদের হয়ে পরিকল্পনা করছে।’

তার আরও অভিযোগ, শেষ মুহূর্তে এভাবে অতিরিক্ত যাতায়াত করার কারণে তার দল চরম ভোগান্তিতে পড়েছে। একের পর এক নতুন বাধা তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাচ শুরু হওয়ার দুদিন আগে আমাদের এখানে (যুক্তরাষ্ট্রে) আসার অনুমতি পাওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হয়নি।’

এত বাধা সত্ত্বেও মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গালেনোয়ি। দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড মেহদি তারেমিও কোচের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

মেহদি তারেমি বলেন, ‘এটা কেবল আমাদের জন্য না, ফুটবলের জন্যও ভালো নয়। আমরা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি না। আমি মনে করি, ফিফার উচিত আমাদের আরও বেশি সহযোগিতা করা।’

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তা উদ্বেগের কারণে শুরু থেকেই ইরানি দলের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ে। এর আগে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসাই পাননি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ইরান দলের টিকিট বরাদ্দ বাতিল হওয়ায় দেশটির ফুটবল ফেডারেশন ফিফার কাছে ‘নিরপেক্ষতা, ন্যায্যতা ও নিয়মনীতি’ বজায় রাখার আহ্বান জানিয়েছিল।

এত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত মেক্সিকোতে নিজেদের ক্যাম্পে এবং ম্যাচ শুরুর মাত্র ৩৬ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে পৌঁছায় দলটি। আর আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি অবসানের মাত্র কয়েকঘণ্টা পর প্রথম ম্যাচে মাঠে নামে ইরান।

আগামী ২১ জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইরান। এরপর ২৭ জুন মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে সিয়াটলে।

Most Popular