নব্বই দশকের টেলিভিশন নাটকের অন্যতম শীর্ষ তারকা অভিনেতা জাহিদ হাসান। গত কয়েক দশক ধরে টানা অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে ছোটপর্দায় তার খ্যাতি ঈর্ষণীয়।
একসময় জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে ছিল তার নিয়মিত ও প্রাণবন্ত উপস্থিতি। শুধু নাটকই নয়, বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও ইদানীং দারুণ কিছু কাজ করেছেন, যার মধ্যে তার সর্বশেষ অভিনীত ‘উত্সব’ দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
সম্প্রতি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও নিজের পছন্দের দল নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেতা।
জাহিদ হাসান বলেন, খেলা আমার খুব পছন্দের। ফুটবল কিংবা যে কোনো খেলা হোক। এখন তো বিশ্বকাপ ফুটবল খেলার মৌসুম শুরু হয়েছে। টান টান উওেজনা শুরু হবে আরও কিছুদিন পর। নিয়মিত খেলা দেখছি। দেখা যাক কি হয়।
আর্জেন্টিনার প্রতি নিজের ভালোলাগা নিয়ে তিনি বলেন, আর্জেন্টিনার খেলার মধ্যে অন্যরকম কিছু আছে। ছন্দ তো আছেই। ভিন্ন কিছু আছে বলেই কোটি কোটি মানুষ এই দলকে সমর্থন করেন, ভালোবাসেন। আমিও করি।
কবে থেকে আর্জেন্টিনাকে সমর্থন করেন—এর জবাবে তিনি বলেন, সাল বা তারিখ মনে নেই। অবশ্যই ম্যারাডোনার জন্যই আর্জেন্টিনা সমর্থন করি। ম্যারাডোনার খেলা সব বয়সি মানুষের পছন্দ। তার খেলা মানেই দারুণ কিছু ছিল।
১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলের স্মৃতিচারণ করে জাহিদ হাসান বলেন, ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবলে ম্যারাডোনার খেলা দেখার স্মৃতি মনে পড়ে। কী প্রচণ্ড উওেজনা ও ভালো লাগা নিয়ে তখন খেলা দেখেছিলাম। ওই স্মৃতি ভুলবার নয়। ম্যারাডেনার ভক্তের শেষ নেই। আমিও ভীষণভাবে তার খেলাকে পছন্দ করে সেই সময়।
এবারের বিশ্বকাপে কে জয়ী হতে পারে—এর জবাবে তিনি বলেন, এখনই নিশ্চিত করে বলা কঠিন। খেলায় জয়-পরাজয় থাকবেই। যারা বিশ্বকাপে খেলতে এসেছেন, সবাই সেরাটা দিতে চেষ্টা করছেন। দেখা যাক কার ভাগ্যে কী আছে।
নিজের পছন্দের দলের বিষয়ে তিনি বলেন, আর্জেন্টিনা ভালো কিছু করুক সেই প্রত্যাশা করছি। প্রিয় দলের জন্য ভালোবাসার শেষ নেই।
নিজের ফুটবল খেলার স্মৃতি শেয়ার করতে বললে জাহিদ হাসান বলেন, এদেশে কমবেশি সবাই ফুটবল খেলেছেন। ফুটবল খেলেননি এমন মানুষ পাওয়া কঠিন। আমিও খেলেছি। ছোটবেলায়, স্কুলজীবনে ফুটবল খেলার স্মৃতি আজও চোখে ভাসে। এইসব স্মৃতি কখনোই ভুলব না।
খেলা নিয়ে এদেশে প্রচণ্ড উম্মাদনা—এই বিষয়ে তিনি বলেন, এটা থাকবেই। তবে খেলার সৌন্দর্য যেন নষ্ট না হয়। আমাদের ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়।
