আর্জেন্টিনার জার্সি পরে আর মাত্র একটি ম্যাচ খেলবেন লিওনেল মেসি। তবে তার বিদায়ের পর আর্জেন্টিনা কেমন হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে দিয়েছেন লিওনেল স্কালোনি। দলের বড় তারকাদের উত্তরসূরি খুঁজতে এবার তার নজর শুধু ইউরোপে নয়, দেশের ঘরোয়া ফুটবলের দিকেও। আর্জেন্টিনার লিগে খেলা একঝাঁক তরুণকে কাছ থেকে পর্যবেক্ষণ করছেন জাতীয় দলের কোচ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সংবাদ অনুযায়ী, ঘরোয়া ফুটবলের কয়েকজন তরুণ সেন্টারব্যাকের পারফরম্যান্স বিশেষভাবে নজরে পড়েছে স্কালোনির। তাদের মধ্যে আছেন ইগনাসিও ওভান্দো, থিয়াগো সিলভেরো ও তোমাস পালাসিওস। এদের মধ্যে পালাসিওস চলতি ফিফা আন্তর্জাতিক বিরতির দলেও জায়গা পেয়েছেন এবং বর্তমানে এজেইসায় জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন।
১৯ বছর বয়সী ওভান্দো খেলছেন রোসারিও সেন্ট্রালে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণকে আর্জেন্টাইন লিগের অন্যতম সেরা সেন্টারব্যাক হিসেবে দেখা হচ্ছে। ২০ বছর বয়সী সিলভেরোও মৌসুমের দ্বিতীয়ার্ধে ভেলেসের একাদশে নিয়মিত জায়গা করে নিয়েছেন। গিয়ের্মো বারোস স্কেলোত্তোর দলের অন্যতম নজরকাড়া খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি।
We’re still having fun pic.twitter.com/vBb84oBe4r
— Selección Argentina in English (@AFASeleccionEN) September 28, 2026
পালাসিওসের ক্ষেত্রেও একই গল্প। তালিয়েরেসের একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার জানুয়ারিতে এস্তুদিয়ান্তেসে যোগ দেওয়ার পর থেকেই নজর কেড়েছেন। আলেক্সান্দার মেদিনার একাদশে নিয়মিত খেলছেন তিনি। সেই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে জাতীয় দলের দরজা।
ঘরোয়া লিগের এই তরুণদের দিকে স্কালোনির নজর অবশ্য শুধু দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ নয়। জাতীয় দলের কয়েকটি পজিশনে দ্রুতই নতুন মুখ প্রয়োজন হতে পারে। বিশেষ করে দুই ফুলব্যাক পজিশনে এখনো কোনো খেলোয়াড়কে স্থায়ী হতে পারছেন না।
ডান দিকে গনসালো মন্তিয়েলের এবারের দলে না থাকা এবং বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ঘটনার কারণে নাহুয়েল মলিনার ওপর ফিফার পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা নতুন সুযোগ তৈরি করেছে আগুস্তিন গিয়ায়ের জন্য। সান লরেঞ্জোর সাবেক এই খেলোয়াড় এখন পালমেইরাসের হয়ে নিয়মিত খেলছেন। ভালো পারফরম্যান্সে নিজের জায়গা তৈরি করেছেন। জাতীয় দলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে স্থায়ী জায়গা করে নেওয়াই এখন তার লক্ষ্য।
লেফট ফুলব্যাকেও একই ধরনের পরিবর্তনের প্রয়োজন দেখছেন স্কালোনি। ৩৪ বছর বয়সী নিকোলাস তাগলিয়াফিকোর বয়স তার বিপক্ষে যাচ্ছে। আর ফাকুন্দো মেদিনাকে অতীতে এই পজিশনে খেলানো হলেও তিনি স্বাভাবিক লেফট ফুলব্যাক নন।
তাই এই ফিফা আন্তর্জাতিক বিরতিতে চমক হিসেবে দলে জায়গা পাওয়া রোমান ভেগার দিকে বিশেষ নজর থাকবে। জাতীয় দলের হয়ে এটিই হতে যাচ্ছে তার প্রথম পরীক্ষা। একই পজিশনে স্কালোনি পর্যবেক্ষণ করছেন লাওতারো ব্লাঙ্কো ও গাব্রিয়েল রোহাসকেও। ব্লাঙ্কো ভাসকো আরাসাবারেন্তার বোকা জুনিয়র্সের অন্যতম ধারাবাহিক খেলোয়াড়। আর রোহাস এর আগে জাতীয় দলে ডাক পেয়েছেন এবং রেসিংয়ে ভালো সময় কাটানোর পর সর্বশেষ দলবদলে ক্রুজেইরোতে যোগ দিয়েছেন।
কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে এবং পরে মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচগুলো তাই শুধু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয়, স্কালোনির কাছে ভবিষ্যতের দল গড়ার পরীক্ষাও। মেসির যুগ পেরিয়ে যে নতুন আর্জেন্টিনা তৈরি হবে, সেই দলের কিছু মুখ হয়তো উঠে আসবে ইউরোপের ঝলমলে মঞ্চ থেকে নয়, বরং আর্জেন্টিনার নিজেদের ঘরোয়া লিগ থেকেই।
