Tuesday, May 12, 2026
Homeবাংলাদেশমেঘনায় গোসলে নেমে কলেজশিক্ষার্থীর মৃত্যু

মেঘনায় গোসলে নেমে কলেজশিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মোতালিব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মাহির শাহরিয়ার ঢাকার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও মিরপুর-১ এলাকার জহিরুল ইসলামের ছেলে ছিল।

মাহিরের সহপাঠী ওয়ালী আহমেদ জানায়, আজ সকালে ঢাকা থেকে ট্রেনে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ থেকে ৫০ শিক্ষার্থী নরসিংদীতে বেড়াতে আসে।

বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর তাদের একটি দল মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে মাহিরসহ তিনজন ভেসে যায়। সহপাঠীরা দুজনকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানায় মাহির পানির নিচে তলিয়ে যায়।

ওয়ালী আরও জানায়, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে মাহিরের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মোতালিব হোসেন বলেন, মাহির যেখানে নিখোঁজ হয়েছিল, সেখান থেকে ২০ থেকে ৩০ গজ দূরে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Most Popular