Thursday, July 9, 2026
Homeবাংলাদেশময়মনসিংহে শিশু ধর্ষণ-হত্যা মামলায় ২৫ দিনে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে শিশু ধর্ষণ-হত্যা মামলায় ২৫ দিনে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে সাড়ে ১২ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের পৃথক দুটি আদালত এ রায় দেন।

জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আরিফ (১৯), রাকিব (২১) ও সাঈমের (১৯) মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আর ১৭ বছর বয়সী আসামিকে কারাদণ্ড দেন জেলা শিশু আদালতের বিচারক এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ।

মামলার বিবরণীতে বলা হয়, গত ১৪ জুন বিকেলে নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু নিছামনি। পরে রাত সাড়ে ১২টার দিকে কংস নদের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন শিশুটির বাবা রাজু মিয়া ধোবাউড়া থানায় সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই এলাকার চার তরুণকে গ্রেপ্তার করে। পরে আসামিদের আদালতে হাজির করা হলে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা ও ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মামলা দায়েরের ৯ দিনের মধ্যে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২৫ দিনের মধ্যে বিচারকাজ শেষ হয়েছে।’

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘খুব দ্রুত ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট পেয়েছি। আসামিরা তাদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং ঘটনা যাচাই শেষে মাত্র ৯ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দিয়েছি।’

রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিছামনির মা-বাবা।

Most Popular