উসাইন বোল্টের ১০০ মিটারের বিশ্বরেকর্ড এবার টেক্কা খেল মানুষের কাছে নয়, রোবটের কাছে। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার তৈরি মানবাকৃতির রোবট ‘লাইটনিং’ ১০০ মিটার দৌড়েছে মাত্র ৯.৩২ সেকেন্ডে। বেইজিংয়ে দ্বিতীয় বিশ্ব মানবাকৃতির রোবট গেমস শুরুর আগে প্রস্তুতিমূলক পরীক্ষায় এই সময় করে রোবটটি।
জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি বোল্ট ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার শেষ করেছিলেন ৯.৫৮ সেকেন্ডে। সেই রেকর্ডই এবার ০.২৬ সেকেন্ডের ব্যবধানে ছাড়িয়ে গেছে লাইটনিং।
পরীক্ষার সময় রোবটটির সর্বোচ্চ গতি উঠেছিল প্রতি সেকেন্ডে ১৪.৫ মিটার। তবে এটি কোনো স্বীকৃত মানব অ্যাথলেটিকস প্রতিযোগিতা নয়; রোবটটির প্রস্তুতিমূলক পরীক্ষার পারফরম্যান্স হিসেবেই সময়টি সামনে এসেছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে শনিবার শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব মানবাকৃতির রোবট গেমস। এর আগে গত এপ্রিলে আলোচনায় এসেছিল লাইটনিং। সে সময় ২১ কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথন জিতেছিল রোবটটি ৫০ মিনিট ২৬ সেকেন্ডে।
মানুষের দৌড়ের সঙ্গেও তখন তৈরি হয়েছিল বিস্ময়কর তুলনা। লাইটনিংয়ের সেই সময় ছিল বিশ্বের সেরা মানব পুরুষদের হাফ ম্যারাথনের রেকর্ডগত গতির চেয়েও দ্রুত।
হাফ ম্যারাথনের সময় রোবটটির উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ৯৫ সেন্টিমিটার। এরপর বিশ্ব মানবাকৃতির রোবট গেমসের আগে এর পা আরও ১০ সেন্টিমিটার লম্বা করা হয়েছে। এখন পায়ের দৈর্ঘ্য ১.০৫ মিটার।
মানবাকৃতির রোবটকে চীনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উদীয়মান শিল্প হিসেবে দেখা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও হার্ডওয়্যারের উন্নতির মাধ্যমে উৎপাদন, পণ্য পরিবহন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ের বিভিন্ন কাজে এসব রোবট ব্যবহারের লক্ষ্য রয়েছে দেশটির।
